
ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
হংকংয়ের বিপক্ষে হারতে বসা ম্যাচে শেষের দিকের গোলে পয়েন্ট ভাগ করে বাংলাদেশ। উত্তর পূর্ব এশিয়ার দেশটির বিপক্ষে পয়েন্ট ভাগ করে র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (ফিফা) প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ। ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে জামাল ভূঁইয়ারা। বাংলাদেশের সংগ্রহ ৮৯৪ রেটিং পয়েন্ট। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে অন্তিম মুহূর্তে গোল হজম করে ৪–৩ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।
ফিরতি পর্বে হংকংয়ের কাইতাক স্টেডিয়ামেও হারের শঙ্কায় ছিল তারা। ম্যাচের ৩৫ মিনিটে অধিনায়ক ম্যাট ওর গোলে লিড নেয় স্বাগতিকরা। সে গোলে ওপর দাঁড়িয়ে ৮৩ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল হংকং। বাংলাদেশের বিপক্ষে টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন বুনছিল তারা। কিন্তু পরের মিনিটেই তাদের স্বপ্ন ধুলিস্যাৎ করে দেন রাকিব। ফাহামিদুল ইসলামের হেড ক্রস থেকে বল পেয়ে হংকংয়ের জাল কাঁপান এই ফরোয়ার্ড। প্রতিপক্ষের ভরা গ্যালারি এবং অচেনা কন্ডিশনের সামনে এই ড্র’টাই যেন বাংলাদেশের জন্য জয় সমতুল্য।
শীর্ষে স্পেন
যথারীতি শীর্ষেই আছে স্পেন। বাংলাদেশের মতো আর্জেন্টিনাও একধাপ উন্নতি করেছে। দুইয়ে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির দলের উন্নতিতে তিনে নেমে গেছে ফ্রান্স। ইংল্যান্ড ও পর্তুগালের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। ৪ ও ৫ নম্বরে আছে তারা। ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডস। ডাচদের উন্নতিতে একধাপ পিছিয়ে সাতে নেমে গেছে ব্রাজিল। এশিয়া সফরে জাপানের কাছে ৩–২ গোলে হেরে যায় কার্লো আনচেলত্তির দল। আটে আছে বেলজিয়াম। ১০ থেকে নয়ে উঠে এসেছে ইতালি। দুই ধাপ এগিয়েছে জার্মানি। বর্তমানে দশে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে লামিনে ইয়ামালকে বেঞ্চে রাখতে চেয়েছিলেন হান্সি ফ্লিক, ক্লাবের চাপে শেষ পর্যন্ত তাকে রাখা হয় শুরুর একাদশে- এমন সব গুঞ্জন চলছে বেশ কিছু দিন ধরেই। তবে বার্সেলোনা কোচের দাবি, এসবের কোনোটিই সত্যি নয়।
স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, পিএসজির বিপক্ষে ম্যাচ-পূর্ব একটি সভায় দেরিতে যোগ দেন ইয়ামাল, এজন্য ফ্লিক তার ড্রেসিং রুমের শৃঙ্খলার প্রতি অটল থেকে স্প্যানিশ উইঙ্গারকে শুরুর একাদশে না রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে নাকি ক্লাবের ক্রীড়া পরিচালক দেকোর হস্তক্ষেপে শুরু থেকে খেলানো হয় ইয়ামালকে।
লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে শুক্রবার বিষয়টি নিয়ে প্রশ্নের মুখে পড়েন ফ্লিক। এসব উড়ো খবরকে ‘ফালতু কথা’ বলে উড়িয়ে দেন জার্মান কোচ।
“আমি জানতে চাই, কোথা থেকে এই গুজব পাচ্ছেন? এটা ফালতু কথা। সত্য নয়। এই ক্লাবে দেকো ও অন্যান্যদের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমার কাজে বিশ্বাস করি আমি। আমার আত্মবিশ্বাস আছে এবং তারা আমাদের কাছে এসব বলবে না। এটা ফালতু গুজব। যে বলেছে, মিথ্যা বলেছে।”
এই মাসের শুরুতে পিএসজির বিপক্ষে ম্যাচটিতে পুরো সময় খেলেন ইয়ামাল, বার্সেলোনা হেরে যায় ২-১ গোলে।
