Ghana midfielder Thomas Partey in the field during a match.ধর্ষণ মামলায় অভিযুক্ত থেকেও ঘানার বিশ্বকাপ দলে থমাস পার্টে। ছবি: বিবিসি

ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো গুরুতর ফৌজদারি অভিযোগ এবং যুক্তরাজ্যে আসন্ন আদালতের বিচার প্রক্রিয়া মাথায় নিয়েই ঘানার প্রাথমিক বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তারকা মিডফিল্ডার থমাস পার্টে। আগামী মাসে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন যে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে, সেখানে ভিয়ারিয়ালের এই ৩২ বছর বয়সী ফুটবলারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলের হেড কোচ কার্লোস কুইরোজের অধীনে ঘানা দল বর্তমানে ওয়েলসের কার্ডিফে একটি অনুশীলন ক্যাম্প করছে, যেখানে আগামী মঙ্গলবার স্বাগতিক ওয়েলসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।

তবে এই মুহূর্তে পার্টেকে স্কোয়াডে রাখা নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

সাতটি ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ

আর্সেনালের সাবেক এই মিডফিল্ডার বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালে খেলছেন। গত বছরের ৫ জুলাই তার বিরুদ্ধে যুক্তরাজ্যে পাঁচটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগ গঠন করা হয়। গত সেপ্টেম্বরে আদালতে তিনি নিজেকে ‘নির্দোষ’ দাবি করেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের নতুন অভিযোগ আনা হয়।

সব মিলিয়ে মোট সাতটি ধর্ষণ ও একটি যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে তার বিচার হওয়ার কথা রয়েছে।
২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন ভিন্ন নারীর করা অভিযোগের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ এই তদন্ত চালাচ্ছে। প্রথমে বিচারকাজটি আগামী নভেম্বরে হওয়ার কথা থাকলেও, আইনি জটিলতায় তা পিছিয়ে ২০২৭ সালের শুরুতে চলে যেতে পারে।

বর্তমানে জামিনে মুক্ত থাকা পার্টেকে দেশের বাইরে ভ্রমণের জন্য আদালতের বিশেষ অনুমতি নিতে হচ্ছে।

আরও পড়ুন:
বিশ্বকাপের স্পটলাইটে ফুটবলের ৫ মহাতারকা

তীব্র দুয়োধ্বনি ও মাঠের পারফরম্যান্স

গুরুতর এসব আইনি জটিলতার মধ্যেও পার্টে ক্লাব ফুটবলে নিয়মিত খেলে যাচ্ছেন। ভিয়ারিয়ালের হয়ে চলতি মৌসুমে ৩১টি ম্যাচ খেলেছেন তিনি।

তবে গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলতে যখন তিনি লন্ডনে ফিরেছিলেন, তখন গ্যালারি থেকে প্রতিপক্ষ সমর্থকরা তাকে লক্ষ্য করে তীব্র দুয়োধ্বনি দেয়। সাইডলাইনে ওয়ার্ম-আপ করার সময় এবং মাঠে বল স্পর্শ করার প্রতিটি মুহূর্তে তাকে দর্শকদের ক্ষোভের মুখে পড়তে হয়। অবশ্য পার্টের আইনজীবী জেনি উইল্টশায়ার এক বিবৃতিতে বলেছেন, “থমাস পার্টে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন এবং পুলিশের তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। যেহেতু আইনি প্রক্রিয়া চলমান, তাই এর বেশি মন্তব্য করা সম্ভব নয়।”

ভিসা জটিলতা ও বিশ্বকাপের কঠিন সমীকরণ

আসন্ন বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ঘানা দল টুর্নামেন্ট চলাকালে যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের প্রভিডেন্সে অবস্থান করবে এবং গ্রুপ পর্বে তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টরন্টো, বোস্টন ও ফিলাডেলফিয়াতে। যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন নির্দেশিকা অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তে কেউ যদি কখনো গ্রেপ্তার বা অভিযুক্ত হন, তবে ভিসার আবেদন করার সময় বাধ্যতামূলকভাবে তা ঘোষণা করতে হয়। ফলে পার্টে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না, তা নিয়ে বড়সড় সংশয় রয়েছে।

১ জুনের মধ্যে ঘানাকে ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করতে হবে।

মূল টুর্নামেন্টে গ্রুপ ‘এল’-এ ঘানার প্রতিপক্ষ পানামা, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এখন দেখার বিষয়, সব আইনি ও ভিসা জটিলতা পেরিয়ে কোচ কুইরোজ তার এই অভিজ্ঞ মিডফিল্ডারকে শেষ পর্যন্ত বিশ্বকাপের মূল মঞ্চে খেলাতে পারেন কি না।

আরও পড়ুন:
বিশ্বকাপ ফুটবলের অবিশ্বাস্য ১০ মহাঅঘটন