এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত

শেষ একবার চেষ্টা করে দেখেছিলেন এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতরা। কিন্তু তাতেও ফায়দা হলো কোথায়! আদালত তাদের রিট পিটিশন খারিজ করেছেন। ফলে বিপিএলে খেলার শেষ আশাও তাদের আর রইলো না।

বিপিএলে ফিক্সিংয়ের সন্দেহে চূড়ান্ত নিলাম তালিকা থেকে ৯ ক্রিকেটারকে বাদ দিয়েছে গভর্নিং কাউন্সিল। তাদের বাদ পড়া নিয়ে শুরু হয় নানামুখী বিতর্ক, আলোচনা।

বাদ পড়া এসব ক্রিকেটারদের মধ্যে আছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা আল আমিনও তালিকায় আছেন। তবে তিনি জানিয়েছেন, তিনি নিজেই নিলাম থেকে নাম প্রত্যাহার করেছেন।

বিজয়, সৈকত, শফিউলরা বিভিন্ন সময়ে জাতীয় দলের হয়ে খেলেছেন। শেষমুহুর্তে তাদেরকে বাদ দেওয়া নিয়ে তারা ক্ষুব্ধ হয়েছেন।

এসব ক্রিকেটারদের পক্ষে আজ হাইকোর্টে তিনটি রিট পিটিশন দাখিল করা হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি ডিভিশন বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি শেষে রিটগুলো নাকচ করে দেন। বেঞ্চে ছিলেন বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি রাজীউদ্দিন আহমেদ।

শুনানিতে আবেদনকারীদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।

শেষ আশা হিসেবে রিটগুলো করেছিলেন ক্রিকেটাররা, যাতে তাদের নাম নিলামে থাকে, তারা খেলার সুযোগ পান। কিন্তু তাও খারিজ হয়ে গেছে।

ফলে এবারের বিপিএলে খেলার আর কোনো পথ থাকলো না বিজয়দের।