নেইমারের জন্য হয়তো এটা আরেকটু বাড়তি চাপ। কারণ, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নেইমার বা ভিনিসিয়ুস যে-ই হোন, কেউ যদি ৯০ শতাংশ ফিট থাকেন, তাহলেও দলে জায়গা হবে না। দলে জায়গা পেতে শতভাগ ফিট হতে হবে।
ব্রাজিলের টিভি চ্যানেল ‘রেকর্ড’-এর একটি জনপ্রিয় অনুষ্ঠান ‘স্পোর্ত রেকর্ড’। এই অনুষ্ঠানে এমন মন্তব্য করেন আনচেলত্তি।
সেই ২০২৩ সালের অক্টোবরে শেষবারের মতো ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার। পায়ে চোট পান, অস্ত্রোপচার হয়। ক্লাব ফুটবলে ফিরলেও সেখানে নিয়মিত নন। কারণ একের পর এক চোট তাকে বারবার মাঠের বাইরে ঠেলে দেয়। সম্প্রতি বাঁ পায়ের হাঁটুতে চোট নিয়েই মাঠে নামেন সান্তোসের হয়ে।
সান্তোস রেলিগেশনের ঝুঁকিতে ছিল এবার। তাই চোট নিয়েও মাঠে নেমে জানপ্রাণ দিয়ে লড়েন নেইমার। গোল করেন, গোল করান।
আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে আসার পর বারবার নেইমার প্রসঙ্গে কথা বলতে হচ্ছে। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপের দলে তার থাকা হবে কিনা, সেটিই দেশটির ফুটবলে হট টপিক।
‘স্পোর্ত রেকর্ড’ অনুষ্ঠানে আনচেলত্তি বলেন, “(ব্রাজিলে) ভালো খেলোয়াড়ের অভাব নেই। যারা শতভাগ (ফিট), তাদের বেছে নিতে হবে আমাকে। এটা শুধু নেইমার নয়, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুসের ক্ষেত্রেও প্রযোজ্য। ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট হলে আমি অন্য কাউকে ডাকব, যে শতভাগ ফিট। কারণ, এটা এমন একটা দল, যেখানে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা, বিশেষ করে সামনে (আক্রমণভাগ)। সেখানে আমাদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে।”
নেইমারের জন্য সহানুভূতিও আছে আনচেলত্তির, “সে অসাধারণ প্রতিভা। তার দুর্ভাগ্য যে বারবার চোটে পড়ে। চোটের কারণে শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে পারে না।”
ব্রাজিল আগামী বছরের মার্চে আর মাঠে নামবে। দুটি ম্যাচ আছে তখন। এরপর বিশ্বকাপের দল ঘোষণা করবেন আনচেলত্তি।

