ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।ইন্টার মায়ামি তারাক লিওনেল মেসি ও আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) গতকাল রোববার ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে লিওনেল মেসি দারুণ এক হ্যাটট্রিক করেন। এই আর্জেন্টাইন মহাতারকার হ্যাটট্রিকে নাশভিলের বিপক্ষে মায়ামি ৫–২ গোলের বড় জয় পায়।

দলকে জেতানোর পথে এটা ছিল মেসির ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিক। আর চলতি বছরে (২০২৫ সাল) এটা মেসির প্রথম হ্যাটট্রিক। ২০২৪ সালের অক্টোবরে নিজের ক্যারিয়ারের সর্বশেষ হ্যাট্রটিক করেছিলেন এই তারকা।

ক্যারিয়ারে ৬০ বার এক ম্যাচে ৩ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেও চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এ পরিসংখ্যানে পিছিয়েই আছেন লিওনেল মেসি। পর্তুগিজ যুবরাজ রোনালদো এখন পর্যন্ত ৬৬টি হ্যাটট্রিক করেছেন! রোনালদোকে ছুঁতে আরও ৬টি হ্যাটট্রিক করতে হবে মেসিকে।

রোনালদোর চেয়ে পিছিয়ে থাকলেও হ্যাটট্রিকের শুরুটা কিন্তু মেসিই আগে করেছিলেন। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের প্রথম হ্যাটট্রিক ২০০৭ সালে। রোনালদোর প্রথম হ্যাটট্রিক ২০০৮ সালে।

২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অন্তত একটি করে হলেও হ্যাটট্রিক করেছেন দুই কিংবদন্তি। চলতি বছর মেসি হ্যাটট্রিক পেলেও রোনালদো এখনো হ্যাটট্রিকের দেখা পাননি। তবে এখনও সময় বাকি ঢের!

শেষ পর্যন্ত যদি রোনালদো এ বছর হ্যাটট্রিক না পান তবে ২০০৯ সালের পর এই প্রথম একটি বছর হ্যাটট্রিকবিহীন থাকবেন ‘সিআর সেভেন’। হ্যাটট্রিক করার হারে অবশ্য রোনালদোর চেয়ে মেসিই এগিয়ে। মেসি গড়ে প্রতি ১৮.৮ ম্যাচে একবার করে হ্যাটট্রিক করেছেন, রোনালদো গড়ে প্রতি ১৯.৬ ম্যাচে একবার করে।

মেসি ও রোনালদো জাতীয় দলের হয়ে সমান ১০টি করে হ্যাটট্রিক করলেও পার্থক্য গড়ে দিয়েছে মূলত ক্লাব ক্যারিয়ারে হ্যাটট্রিকসংখ্যা। ক্লাবের হয়ে লিগে রোনালদোর হ্যাটট্রিক যেখানে ৪৫টি, সেখানে মেসির হ্যাটট্রিক ৩৮টি। চ্যাম্পিয়নস লিগে অবশ্য দুজনেরই হ্যাটট্রিকসংখ্যা সমান ৮টি করে। লিগ ও চ্যাম্পিয়নস লিগের বাইরে অন্যান্য কাপ টুর্নামেন্টে মেসি হ্যাটট্রিক করেছেন ৪টি এবং রোনালদোর হ্যাটট্রিক ৩টি।