আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ এক বছর পার করলো বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়ে এ বছরের যাত্রা শেষ হয়েছে টাইগারদের। তবে শেষের আগে হয়েছে রেকর্ড।
২০২৫ সালে বাংলাদেশ জয়ের সংখ্যায় ও ছক্কায় নতুন রেকর্ড গড়েছে।
এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ দলগত ছক্কার রেকর্ড আগে ছিল ১২২টি, যে রেকর্ড হয়েছিল ২০২৪ সালে। কিন্তু এ বছর বাংলাদেশ প্রথমবারের মতো ছক্কার সংখ্যা দুইশ পেরিয়ে গেছে। বছর শেষে ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ২০৬টি!
টি-টোয়েন্টির ব্যাটিং অনেকটাই রপ্ত করা গেছে, বলা যেতে পারে।
বাংলাদেশে ২০২৫ সালে ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১৫টি ম্যাচেই এসেছে জয়, বাকি ১৪টিতে হার। আরেকটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক বছরে এতো সংখ্যক ম্যাচ আগে কখনো জেতেনি বাংলাদেশ। এটাও একটা রেকর্ড।
এ বছর বাংলাদেশের হয়ে ১৮ ব্যাটসম্যান ছক্কা মেরেছেন। এর মধ্যে টপ অর্ডার থেকেই এসেছে সবচেয়ে বেশি ১২৭টি ছক্কা।
সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। তার ছক্কাসংখ্যা ৪১টি। এক বছরে এককভাবে এটিই বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ৩৪টি এসেছে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। সাইফ হাসান মেরেছেন ২৯টি ছক্কা। লিটন দাস ২৩টি।
মিডল অর্ডারে জাকের আলী অনিক ২৩ ইনিংসে ১৯টি ছক্কা মেরেছেন। অথচ হার্ডহিটার কোচ জুলিয়ান উড বলেছিলেন, জাকেরের মধ্যেই তিনি সবচেয়ে বেশি হিটিং পাওয়ার দেখেন!
মিডল অর্ডারে খেলা আরেক ব্যাটসম্যান তাওহীদ হৃদয় ১৪টি ছক্কা মেরেছেন। শামীম হোসেন পাটওয়ারির ছক্কাসংখ্যা ৯টি।
২০২৫ সালে বাংলাদেশে দলগত সর্বোচ্চ চারও মেরেছে। এ সংখ্যা ২৯৮টি।

