ইরান হুমকি দিয়েছিল। বলেছিল, তাদের কেউ ২০২৬ বিশ্বকাপ ড্রয়ে থাকবে না। কিন্তু সেই হুমকি থেকে পিছু হটেছে দেশটি। অবশেষে তাদের প্রতিনিধি ড্র অনুষ্ঠানে থাকবেন বলে জানিয়েছে তারা।
মূলত ভিসা ইস্যুতে ক্ষোভ থেকে ড্র অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছিল ইরান।
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপের ড্রয়ে অংশ নিতে ইরানের ৯ জন ভিসার জন্য আবেদন করেন। কিন্তু তাদের সবাইকে ভিসা দেয়নি USA। ভিসা না প্রাপ্তদের মধ্যে আছেন ইরান ফুটবল ফেডারেশনের (FFRRI) সভাপতি মেহদি তাজ।
ভিসা না পেয়ে মেহদি তাজ বলেন, তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বলে দিয়েছেন সবাইকে ভিসা না দেওয়া হলে ইরানের কেউ ড্রয়ে অংশ নেবে না।
তবে ইরানের অবস্থানের পরিবর্তন ঘটেছে। যেমনটি জানিয়েছেন ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ ডনজামালি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে আহমাদ জানান, ইরানের প্রধান কোচ আমির গালেনোই ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সঙ্গে এফএফআইআরআইয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান ওমিদ জামালি এবং আরও কয়েকজন প্রতিনিধি থাকতে পারেন।
বিশ্বকাপ ড্র হবে ওয়াশিংটনে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টায়।
কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। এবারসহ সপ্তম ও টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান। তবে একবারও তারা পরের ধাপে যেতে পারেনি।
রাজনৈতিক ইস্যুতে ইরানিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসানীতি খুবই কঠোর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ১২ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, এই তালিকায় আছে ইরানও।
অবশ্য ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসের জন্য অ্যাথলেট ও কোচিং স্টাফরা নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।

