ঘরোয়া ক্রিকেটের অনিশ্চয়তায় পড়ে থাকা একদল ক্রিকেটারের জন্য নতুন একটি দরজা খুলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম বিভাগ লিগকে ঘিরে চলমান জটিলতার মধ্যে বোর্ড ঘোষণা দিয়েছে আলাদা একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের। নাম দেওয়া হয়েছে—‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬’।
সোমবার সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই আসরটি হবে মূলত ফ্র্যাঞ্চাইজি ও প্রচলিত ক্লাব লিগ কাঠামোর বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে। উদ্দেশ্য একটাই—প্রতিযোগিতামূলক ক্রিকেটের ধারাটা যেন থেমে না যায় এবং ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন শক্ত থাকে।
গত অক্টোবরের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া অচলাবস্থার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন লিগে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করে ৪৫টি ক্লাব অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ লিগের আটটি ক্লাবও রয়েছে।
যদিও লিগ চলছে, তবে ওই ক্লাবগুলোর সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা কার্যত মাঠের বাইরে পড়ে আছেন। সামনে প্রিমিয়ার ও দ্বিতীয় বিভাগ লিগ নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।
এই বাস্তবতায় বিকল্প একটি প্রতিযোগিতার কথা বেশ কিছুদিন ধরেই ভাবছিল বিসিবি। অবশেষে সেটির আনুষ্ঠানিক রূপ দিল বোর্ড।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারির প্রথম সপ্তাহেই শুরু হবে টুর্নামেন্টটি। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে রাজশাহী ও বগুড়ায়। আয়োজক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদকে।
দলসংখ্যা এখনও চূড়ান্ত না হলেও বিসিবি জানিয়েছে, ছয় থেকে আটটি দল নিয়ে আসর আয়োজনের সম্ভাবনাই বেশি। দল গঠনের দায়িত্ব থাকবে জাতীয় নির্বাচক কমিটির হাতে।
এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাবেন এবারের বিপিএলের নিলামে নাম থাকলেও যাঁরা দল পাননি, পাশাপাশি প্রথম বিভাগ লিগ বর্জন করা আট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররাও বিবেচনায় থাকবেন।
দলগুলোর কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট সরাসরি নিয়োগ দেবে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিকসহ টুর্নামেন্টের সব ধরনের আর্থিক ও সাংগঠনিক দায়িত্বও বোর্ড নিজেই সামলাবে।
বিসিবি জানিয়েছে, সূচি, পরিচালনা কাঠামো এবং অন্যান্য বিস্তারিত বিষয় সময় অনুযায়ী জানানো হবে।

