Fahim-Chowdhury-Sylhet-Titans

বিপিএলের শুরুর দুই ম্যাচে এক জয় ও এক হারে মিশ্র সূচনা করেছে সিলেট টাইটান্স। আজ ২৯ ডিসেম্বর সিলেটের কোনো ম্যাচ না থাকলেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালস ও রংপুর রাইডার্সের ম্যাচ চলাকালে মাঠে হাজির হন সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম চৌধুরী। ম্যাচের ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিপিএল ও দল নিয়ে বেশ কড়া ও আলোচিত মন্তব্য করেন তিনি।

ফাহিম চৌধুরী বলেন, “যদি কোনোভাবে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারি (সিলেট টাইটান্স), আমি সরি—বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি আইপিএল নিয়ে চিন্তা করি। পাকিস্তান হোক, ভারত হোক—আমি প্লেয়ার নিয়ে আসব। আমি সামিকে ব্ল্যাংক চেক দিয়ে দেব। বিপিএলে কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না। মাথার মধ্যে আইপিএলটাই থাকে।”

নিজেদের দল ও সিলেটের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথাও তুলে ধরেন সিলেট টাইটান্সের এই উপদেষ্টা। তিনি বলেন, “সিলেট আমার বাবা-মায়ের জন্মভূমি। সিলেট টাইটান্স আমাদের গর্ব। এখানে ছোটখাটো একটা দায়িত্ব পেয়ে আমি সত্যিই অনেক গর্বিত।”

সিলেট টাইটান্সের কর্ণধার সামিকে নিয়ে ফাহিম চৌধুরী বলেন, “তাকে আমি অনেক আগে থেকেই চিনি। সে আমার ছোটভাইয়ের মতো। ক্রিকেটের প্রতি আমার আগ্রহ বাড়ানোর পেছনে সিলেট টাইটান্সের চেয়ারম্যানের বড় ভূমিকা রয়েছে।”

ফাহিম চৌধুরীর এই মন্তব্য ইতোমধ্যে বিপিএলকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি করেছে। টুর্নামেন্টের মাঝপথে এসে এমন বক্তব্য লিগ ও অংশগ্রহণকারী দলগুলোর শক্তিমত্তা নিয়েও প্রশ্ন তুলছে বলে মনে করছেন অনেকেই।