Kohli Rohit Gill

বিদায়ের ক্ষণ গুনছে ২০২৫। ব্যস্ত এই বছরে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে এনেছে উত্তেজনা, নাটক আর অবিশ্বাস্য সব পরিসংখ্যান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টের পাশাপাশি হয়েছে অসংখ্য দ্বিপাক্ষিক সিরিজ। বছরের পুরোটা জুড়েই বাইশ গজে লেখা হয়েছে নতুন নতুন ইতিহাস।

এর মধ্যে পাঁচটি অদ্ভুত রেকর্ড এক পলকে দেখে নেওয়া যেতে পারে….


এই বছর ক্রিকেট বিশ্ব দেখেছে এক অদ্ভুত টস–দুর্ভাগ্য। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে ভারত। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এটি টানা টস হারের সর্বোচ্চ রেকর্ড। আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের; বেশ পেছনে—তারা টানা ১১ ম্যাচে টস হারেছিল।


চলমান অ্যাশেজ সিরিজও জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। সিরিজে ইতোমধ্যেই দুটি টেস্ট ম্যাচের ফল এসেছে মাত্র দুই দিনের মধ্যেই। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা শেষ দেখা গিয়েছিল ১৯১২ সালে। সে বছর অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডকে নিয়ে হয়েছিল ইতিহাসের প্রথম বহুজাতিক টেস্ট টুর্নামেন্ট।


নারী ক্রিকেটেও ২০২৫ উপহার দিয়েছে ব্যতিক্রমী এক নজির। নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। তবে পুরো টুর্নামেন্টে তিনটি ম্যাচে হেরেও চ্যাম্পিয়ন হয়েছে তারা। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম কোনো দল তিন ম্যাচ হারার পরও শিরোপা জয়ের কীর্তি গড়ল।


আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আইপিএলেও দেখা গেছে অপ্রত্যাশিত এক রেকর্ড। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস একাদশে খেলিয়েছিল ২২ বছরের নিচের চারজন ক্রিকেটার—আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস। ফ্র্যাঞ্চাইজিটির ইতিহাসে একই ম্যাচে এত কম বয়সী চার ক্রিকেটারের উপস্থিতি এই প্রথম।


তবে বছরের সবচেয়ে বিস্ময়কর ঘটনাগুলোর একটি এসেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে। গত ২৩ ডিসেম্বর বালিতে কাম্বোডিয়ার বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা। পুরুষ বা নারী—আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম।

মাত্র এক ওভারে তাঁর বোলিং বিশ্লেষণ ছিল চোখ কপালে তোলার মতো—১ ওভার, ০ মেডেন, ১ রান, ৫ উইকেট। ক্রিকেটের রেকর্ড বইয়ে ২০২৫ তাই শুধু ব্যস্ততার বছর নয়, বরং বিস্ময়ের বছর হিসেবেই থেকে যাবে।