নতুন বছর মানেই নতুন ছন্দ—এমন প্রত্যাশা নিয়েই শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম রাত। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বছরের প্রথম ম্যাচডে গোলের দেখা মিলল হাতে গোনা। চার ম্যাচে মাত্র একটি ম্যাচে বল জড়াল জালে, তাও দুই দল মিলিয়ে মাত্র দুবার।
গতকাল রাতে হওয়া চার ম্যাচের মধ্যে তিনটিই শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। আর বাকি ম্যাচটি শেষ হয়েছে ১–১ সমতায়। প্রিমিয়ার লিগের মতো আক্রমণপ্রবণ লিগে এমন রাত বিরলই বলা যায়।
পরিসংখ্যানে বিরল এক দিন
ফুটবলের পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অপ্টা জো জানিয়েছে, প্রিমিয়ার লিগের ইতিহাসে এটি মাত্র দ্বিতীয় দিন—যেদিন অন্তত চারটি ম্যাচ খেলা হলেও মোট গোল হয়েছে দুইটির বেশি নয়। এমন ঘটনা এর আগে ঘটেছিল ১৯৯৮ সালের ২৯ এপ্রিল।
একই সঙ্গে ইতিহাসে দ্বিতীয়বার এমন দিন দেখা গেল, যেদিন চার ম্যাচের মধ্যে তিনটি ম্যাচই শেষ হলো গোলশূন্য ড্রয়ে। প্রথমবার এই দৃশ্য দেখা গিয়েছিল ২০১০ সালের ১১ এপ্রিল।
কোথায় কী হলো
নতুন বছরের প্রথম রাতে সবচেয়ে আলোচনায় ছিল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের ম্যাচ দুটি। স্যান্ডারল্যান্ডের মাঠে খেলতে নেমে সিটি আক্রমণ আর বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি। লিভারপুলের গল্পটাও প্রায় একই—লিডসের বিপক্ষে দাপট দেখিয়েও স্কোরলাইন বদলাতে পারেনি।
অন্যদিকে ব্রেন্টফোর্ড টটেনহামকে রুখে দেয় গোলশূন্য ড্রয়ে। একমাত্র গোলের দেখা পাওয়া ম্যাচটি ছিল ক্রিস্টাল প্যালেস ও ফুলহামের, সেটিও শেষ হয় ১–১ সমতায়।
সুযোগ পেয়েও ব্যর্থ সিটি
স্যান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ম্যানচেস্টার সিটি। বল দখল, আক্রমণ—সব দিকেই এগিয়ে ছিল তারা। কিন্তু বক্সের ভেতরে গিয়ে শেষটা ঠিকঠাক করতে পারেনি।
ম্যাচ শেষে হতাশা গোপন করেননি সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, “এখানে খেলতে আসা সত্যিই কঠিন। কিন্তু বক্সের ভেতরে আমরা যে সুযোগগুলো পেয়েছিলাম, সেগুলো কঠিন ছিল না। কিন্তু আমরা গোল করতে পারিনি। তবে সামগ্রিকভাবে দারুণ একটি দলের বিপক্ষে ম্যাচটি ভালোই ছিল। কঠিন এই প্রতিপক্ষের বিপক্ষে আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।”
“জয়ের জন্য যা করার, আমরা সবই করেছি। ছেলেরা একটু হতাশ, কিন্তু মাথা উঁচু রাখতেই হবে। কারণ, তিন দিনের মধ্যেই চেলসির বিপক্ষে আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে।”
এই ড্রয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটির পয়েন্ট ব্যবধান কমার সুযোগ হাতছাড়া হয়েছে। জিতলে ব্যবধান হতো ২ পয়েন্ট, এখন সেটি ৪।
দাপটেও ফল নেই লিভারপুলের
লিডসের বিপক্ষে ম্যাচে লিভারপুলের দখলে ছিল ৬৬ শতাংশ বল। নেয় ১৬টি শট। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর আসেনি। তবু এই ম্যাচসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ অপরাজিত থাকল তারা।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে লিভারপুল কোচ আর্নে স্লট বলেন, “এটা মৌসুমে প্রথমবার নয় যে বল দখলে রেখে আমরা সুযোগ তৈরি করেছি; কিন্তু আমার মনে হয়, তা যথেষ্ট নয়। আমাদের আরও বেশি সুযোগ তৈরি করতে হবে।”
পয়েন্ট টেবিলের চিত্র
১৯ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাস্টন ভিলা। আর ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।
ব্রেন্টফোর্ডের সঙ্গে ড্র করা টটেনহাম ২৬ পয়েন্ট নিয়ে রয়েছে ১২ নম্বরে।
নতুন বছরের শুরুতেই এমন গোলখরা প্রিমিয়ার লিগে ছন্দের প্রশ্ন তুলছে। সামনে ম্যাচের ঘনত্ব বাড়বে—তাতে গোলের খাতা কত দ্রুত খুলে, সেটিই এখন দেখার।

