মোহামেডানে খালেদা জিয়াকে স্মরণ

মতিঝিলের চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আজ নেমে আসে শোকের আবহ। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মিলেমিশে একাকার হয়ে যান ক্রীড়াঙ্গন ও রাজনীতির মানুষজন।

গত ৩০ ডিসেম্বর দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার স্মরণে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এই মিলাদে অংশ নেন বিভিন্ন প্রজন্মের ক্রীড়াবিদ, সংগঠক ও রাজনৈতিক নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহামেডানের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী, বাফুফের সাবেক সভাপতি এস সুলতানসহ ক্রীড়াঙ্গনের শীর্ষ সংগঠকেরা। রাজনৈতিক অঙ্গন থেকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বরকতউল্লা বুলু, ইশরাক হোসেনসহ দলের একাধিক নেতা।

মোহামেডানের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের মধ্যে ছিলেন লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুবুল আনাম, শরিফুল আলম, মাসুদুজ্জামান ও আনোয়ারুল হক হেলাল। মিলাদে এক কাতারে দাঁড়িয়ে দোয়া করেন সবাই।

ফুটবল মাঠের একসময়ের তারকারাও হাজির ছিলেন শোকসভায়। প্রতাপ শংকর হাজরা, হাসানুজ্জামান বাবলু, শফিকুল ইসলাম মানিক, জসিম উদ্দীন জোসি, কায়সার হামিদ, ইলিয়াস হোসেন, ছাইদ হাসান কানন, সাইফুল বারী, আলফাজ আহমেদ, নিজাম মজুমদার ও মোহাম্মদ সুজনদের মতো সাবেক ফুটবলাররা উপস্থিত থেকে স্মরণ করেন খালেদা জিয়াকে।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকও দোয়া মাহফিলে অংশ নেন। তার উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি তাৎপর্য যোগ করে।

ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও হকি অঙ্গনের পরিচিত মুখ মিনহাজুল আবেদীন নান্নু, সাজেদ আদেল, রফিকুল ইসলাম কামাল, রাসেল মাহমুদ জিমি, আরিফুল হক ও শহিদুল্লাহ টিটুও মিলাদে অংশ নেন। এছাড়া ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও সাঁতার অঙ্গনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্রীড়াবিদ ও সংগঠকেরা স্মরণ করেন এমন এক নেত্রীকে, যিনি দীর্ঘদিন ধরে দেশের ক্রীড়াঙ্গনের প্রতি ছিলেন আন্তরিক ও সহানুভূতিশীল।

মোহামেডান ক্লাব প্রাঙ্গণের এই মিলাদ যেন আবারও মনে করিয়ে দিল—ক্রীড়া ও সমাজের নানা স্তরে খালেদা জিয়ার প্রভাব কতটা গভীর ছিল।