Shubman-Gill

ডোপ টেস্ট দিতে হবে ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক শুবমান গিলকে। ২০২৬ সালে যেসব ভারতীয় ক্রীড়াবিদকে ডোপ পরীক্ষার আওতায় রাখা হয়েছে, তাদের তালিকায় রয়েছে এই তারকা ব্যাটসম্যানের নাম।

ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (নাডা) সোমবার ২০২৬ সালের ডোপ টেস্টের জন্য নির্বাচিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। সেখানে মোট ৩৪৭ জন ক্রীড়াবিদের নাম রয়েছে, যার মধ্যে ১১৮ জন অ্যাথলেট। এ বছরের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ১২০টি নাম।

নাডার প্রকাশিত তালিকায় মোট ১৪ জন ক্রিকেটারের নাম রয়েছে। শুবমান গিল ছাড়াও আছেন শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, অর্শদীপ সিং, তিলক বর্মা, স্মৃতি মান্দানা, জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, শেফালি বর্মা ও রেণুকা সিং ঠাকুর।

প্রাথমিক তালিকায় সূর্যকুমার যাদব ও সাঞ্জু স্যামসনের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় তাদের বাদ দিয়ে স্মৃতি মান্দানা ও জেমিমা রদ্রিগেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ক্রিকেটারদের পাশাপাশি ডোপ টেস্টের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন হকি খেলোয়াড়ও। পুরুষ দলের অধিনায়ক হারমানপ্রীত সিং, অমিত রুইদাস, হার্দিক সিং এবং নারী দলের অধিনায়ক সালিমা টেটে, গোলরক্ষক সবিতা পুনিয়া ও নবনীত কৌরের নাম রয়েছে তালিকায়।

এছাড়া ২৯ জন কুস্তিগিরকেও ডোপ পরীক্ষার জন্য মনোনীত করেছে নাডা। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম অলিম্পিক পদকজয়ী আমন সেরাওয়াত।

২০২৬ সালে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস সামনে রেখে আগেভাগেই এই তালিকা প্রকাশ করেছে নাডা। তালিকাভুক্ত খেলোয়াড়দের সারা বছরের সম্ভাব্য সূচি কর্তৃপক্ষকে জানাতে হবে। কোথায় কখন থাকবেন, সেটির তথ্যও নিয়মিত আপডেট করতে হবে।

নাডার নিয়ম অনুযায়ী, পরপর তিনবার ডোপ পরীক্ষায় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হয়। ফলে গিলসহ তালিকাভুক্ত সব ক্রীড়াবিদের জন্যই বিষয়টি এখন বাড়তি সতর্কতার।