রুবেন দিয়াস-ভার্দিওলের চোটে চাপে ম্যানচেস্টার সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কা খেল ম্যানচেস্টার সিটি। দলের কোচ পেপ গুয়ার্দিওলা নিশ্চিত করেছেন, হ্যামস্ট্রিংয়ের চোটে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রুবেন দিয়াসকে। একইসঙ্গে শিনবোন ভেঙ্গে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন ইয়োশকো ভার্দিওল।
গত রবিবার চেলসির বিপক্ষে ১-১ ড্র হওয়া ম্যাচে চোট পেয়েছিলেন এই দুই ডিফেন্ডার। সিটির জন্য এটি বড় ধাক্কা, কারণ শুরুর একাদশের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া দলকে আরও চাপের মধ্যে পড়তে হয়েছে।
২০ রাউন্ড শেষে ম্যানচেস্টার সিটি ৪২ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে অবস্থান করছে। সমান সংখ্যক ম্যাচ খেলা আর্সেনাল ৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে রয়েছে মিকেল আর্তেতার নেতৃত্বে।
প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করার পর সিটি বুধবার ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ গুয়ার্দিওলা খেলোয়াড়দের চোট বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন।
“দিয়াস চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। ভার্দিওল লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন। জন স্টোনসের ব্যাপারে এখনো নিশ্চিত নয়, আগামী ম্যাচের জন্য সে প্রস্তুত নয়। নাথান আকে ঠিক আছে,” বলেছেন গুয়ার্দিওলা।
তিনি আরও যোগ করেছেন, “আমাদের দলের মনোবল এবং স্পিরিটের কারণে এই পরিস্থিতি সামলানো সম্ভব। ক্লান্তি বিবেচনা করে আমরা নতুন কিছু মুখ দেখতে পারি এবং আগামী ম্যাচের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”
সিটির কাছে এই দুই গুরুত্বপূর্ণ ডিফেন্ডারের অভাব শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াইকে কঠিন করে তুলেছে। বিশেষ করে রক্ষণভাগের স্থিতিশীলতা বজায় রাখা এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

