যুক্ত করা হয়েছে হুমকির সংবাদ লিংকও
নিরাপত্তার শঙ্কা দেখিয়ে ভারতে অনুষ্ঠিতব্য নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জোরালো করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে গত রবিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ই-মেইল পাঠানোর পর সংস্থাটির চাওয়া অনুযায়ী বিস্তারিত তথ্যও সরবরাহ করেছে বিসিবি।
গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আইসিসিকে পাঠানো দ্বিতীয় ই-মেইলের সঙ্গে ভারতে বাংলাদেশ দল ও ক্রিকেটারদের উদ্দেশে দেওয়া হুমকিসংক্রান্ত একাধিক ভিডিও ফুটেজ এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের লিংক সংযুক্ত করেছে বোর্ড। একই সঙ্গে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে—বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ আগ্রহী, তবে তা কোনোভাবেই ভারতে নয়।
বিসিবির আইনজীবী মাহিন এম রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আইসিসি জানিয়েছে শেষ মুহূর্তে এসে ভেন্যু পরিবর্তন করা অত্যন্ত জটিল। এ কারণেই তারা নিরাপত্তা শঙ্কার সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছিল। জবাবে বিসিবি বিস্তারিত তথ্য দিয়েছে।
এদিকে ভারতভিত্তিক ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করে, বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে প্রতিপক্ষ দল ওয়াকওভার পেয়ে যাবে। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের মতোই এই তথ্যকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন মাহিন এম রহমানও।
তিনি বলেন, “আমরা কখনোই বলিনি যে খেলব না। আমরা বিশ্বকাপে খেলতে চাই। যেহেতু এটি হাইব্রিড মডেলের টুর্নামেন্ট এবং শ্রীলঙ্কায়ও ম্যাচ হচ্ছে, তাই আমরা কেবল আমাদের ম্যাচগুলো সেখানে আয়োজনের অনুরোধ জানিয়েছি। ভারতের বর্তমান পরিস্থিতিতে হুমকির ধরন আগের চেয়ে ভিন্ন।”
বিসিবির এক কর্মকর্তা জানান, আইসিসিকে পাঠানো ই-মেইলের সঙ্গে অন্তত ৪৫ থেকে ৫০টি লিংক যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকার, যেখানে বাংলাদেশি ক্রিকেট ও ক্রিকেটারদের উদ্দেশে সরাসরি হুমকির কথা বলা হয়েছে।
এই প্রসঙ্গে আইসিসিকে পাঠানো চিঠিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা।
মাহিন এম রহমান বলেন, “বিসিসিআই যদি নিজেরাই নিরাপত্তা শঙ্কার কারণে একজন আন্তর্জাতিক ক্রিকেটারকে আইপিএল থেকে সরিয়ে দেয়, তাহলে বোঝা যায় তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। আইপিএল যেখানে ঘরোয়া লিগ, সেখানে বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে আমরা কীভাবে ঝুঁকি নেব?”
যদিও বিসিবির একজন পরিচালক মনে করেন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হলে বা এক ভেন্যুতে সব ম্যাচ আয়োজন করা হলে ভারতে খেলতে যাওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এটিকে বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান নয় বলে স্পষ্ট করেছেন মাহিন।
তার ভাষায়, “আমরা এমন কোনো শর্ত দিইনি। পরিষ্কারভাবে জানিয়েছি—ভারতের কোনো ভেন্যুতেই আমাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। বিসিবি এই সিদ্ধান্তে অনড়।”

