চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে গত মৌসুমের দুঃসহ স্মৃতি এখনো টাটকা রিয়াল মাদ্রিদের মনে। সব প্রতিযোগিতা মিলিয়ে চারবার হার—তার মধ্যে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লজ্জাজনক পরাজয়। সেই ক্ষত শুকায়নি। এবার সেই হারের বদলা নিতেই যেন আরও ক্ষুধার্ত রিয়াল মাদ্রিদ।
সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার রাতে অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে জাবি আলনসোর দল। শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী রোববার একই মাঠে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা।
জেদ্দার এই মাঠেই গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সে ম্যাচে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে রেকর্ড ১৫তম শিরোপা জিতেছিল বার্সেলোনা।
শুধু সুপার কাপই নয়, ২০২৩–২৪ মৌসুমে লা লিগায় দুই দেখাতেই রিয়ালকে হারায় কাতালানরা—সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ এবং নিজেদের মাঠে ৪-৩ গোলে। কোপা দেল রের ফাইনালেও ৩-২ গোলে হারের তিক্ত অভিজ্ঞতা সঙ্গী হয়েছিল রিয়ালের।
তবে চলতি মৌসুমে বদলে যাওয়া রিয়াল মাদ্রিদের গল্পটা ভিন্ন। গত অক্টোবরে লা লিগায় মৌসুমের প্রথম ক্লাসিকোয় ২-১ গোলে জয় পায় তারা, যা আত্মবিশ্বাস বাড়িয়েছে দলটির।
সুপার কাপের ফাইনালের আগে সেই আত্মবিশ্বাসের কথাই তুলে ধরলেন রিয়ালের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া। বার্সেলোনার বিপক্ষে আরেকটি ফাইনালকে সামনে রেখে তিনি স্পষ্ট করেই জানালেন, জয়ের বিকল্প ভাবনায় নেই তারা।
কোর্তোয়া বলেন, “আমাদের জিততেই হবে। গত বছর তাদের বিপক্ষে দুটি ফাইনালে হেরেছি। ঠিক যেমন তারা লা লিগার ক্লাসিকোয় আমাদের কাছে হেরে প্রতিশোধ নিতে চেয়েছিল, আমরাও এখন প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষুধার্ত।”
তিনি যোগ করেন, “দুটি দলই জিততে চায়, তাই রোববার দারুণ একটি ম্যাচ হতে যাচ্ছে। ফাইনালের আগে আমাদের ভালোভাবে রিকভার করতে হবে এবং পুরোপুরি সতেজ হয়ে নামতে হবে।”
সব মিলিয়ে, জেদ্দার মঞ্চে আরেকটি উত্তপ্ত এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবলবিশ্ব—যেখানে শিরোপার পাশাপাশি প্রতিশোধের হিসাবও মেটাতে চায় রিয়াল মাদ্রিদ।

