ICC and BCB Cricfoot24

টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের অবস্থান স্পষ্ট—নিরাপত্তা প্রশ্নে কোনো আপস নয়। ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে আইসিসি অনুরোধ জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এখন আলোচনার বল আইসিসির কোর্টে।

মঙ্গলবার বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি। সেখানে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ আবারও জানানো হয়েছে।

সভায় বিসিবির পক্ষে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহসভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। আইসিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইসিসির অনুরোধ, বিসিবির অনড় অবস্থান

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় আইসিসি বিশ্বকাপের সূচি ইতিমধ্যে প্রকাশিত হয়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ জানায়। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা আগের সিদ্ধান্তেই অটল রয়েছে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ক্রিকেটার, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সে কারণেই ভারতের বাইরে নিরপেক্ষ কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের প্রস্তাব আবারও দেওয়া হয়েছে।

যদিও সিদ্ধান্তে অনড় রয়েছে বিসিবি, তবে দুই পক্ষই আলোচনার পথ খোলা রাখছে। বিসিবি জানিয়েছে, বিষয়টির সমাধানে আইসিসির সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত।

টানাপোড়েনের পেছনের প্রেক্ষাপট

ভারতীয় বোর্ডের নির্দেশে পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর ভারতের নিরাপত্তা ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরে দুই দফায় আইসিসিকে চিঠি দেয় বিসিবি।

বিশ্বকাপের সূচি ও ভেন্যু চূড়ান্ত হয়ে যাওয়ার পর আইসিসির পক্ষ থেকে বাংলাদেশের অবস্থান পরিবর্তনের অনুরোধ আসবে—এটি অনেকটাই অনুমিত ছিল। তবু বিসিবি তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনেনি।

অনিশ্চয়তা কাটছে না

সবশেষ আলোচনার পরও বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিসিবি তাদের অবস্থান পরিষ্কার করেছে, এখন দেখার বিষয়—আইসিসি এই পরিস্থিতিতে কী সিদ্ধান্ত নেয়।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে বাংলাদেশ।