ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ২-০ জয়টা কেবল একটি ডার্বি জয়ের গল্প নয়। স্কোরলাইনের নিচে লুকিয়ে আছে আরও বড় বার্তা—মাইকেল ক্যারিক কীভাবে পরিকল্পনা, শৃঙ্খলা ও ভূমিকার সঠিক বণ্টনের মধ্য দিয়ে গার্দিওলার দলকে কার্যত নিষ্ক্রিয় করে দিলেন।
অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় পরীক্ষাতেই ক্যারিক দেখালেন, আবেগ নয়—এই ইউনাইটেড খেলেছে মাথা ঠান্ডা রেখে। বল দখলে পিছিয়ে থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ কীভাবে রাখা যায়, তার একটি প্রায় নিখুঁত উদাহরণ হয়ে থাকল এই ডার্বি।
কম বল, বেশি নিয়ন্ত্রণ—ইউনাইটেডের নকশা
পরিসংখ্যান বলছে, ইউনাইটেডের বল দখল ছিল মাত্র ৩২ শতাংশ। কিন্তু এই সংখ্যাটাই বিভ্রান্তিকর। কারণ বল সিটির পায়ে থাকলেও জায়গা ছিল না। ৪-৪-২ গঠনে ইউনাইটেড বল ছাড়া খেলেছে অত্যন্ত সংগঠিতভাবে। মাঝমাঠ থেকে প্রান্তে সিটিকে ঠেলে দিয়ে আক্রমণের গতি ভেঙে দেওয়া ছিল ক্যারিকের মূল পরিকল্পনা।
এখানে বড় ভূমিকা রাখেন দুই উইঙ্গার আমাদ দিয়ালো ও প্যাট্রিক ডর্গু। ডর্গু ব্যক্তিগতভাবে নজর রাখেন রিকো লুইসের ওপর, ফলে মাঝমাঠে ঢুকে খেলার সুযোগ পাননি সিটির এই তরুণ ফুলব্যাক। অন্যদিকে আমাদ রক্ষণে নেমে এসে বারবার পাঁচজনের ডিফেন্স লাইন তৈরি করেন, জেরেমি ডোকুকে আটকে রাখতে যা ছিল কার্যকর।
এই সংগঠনের সুফল পায় রক্ষণভাগ। দীর্ঘদিন পর একাদশে ফেরা হ্যারি ম্যাগুইর লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে মিলে আর্লিং হলান্ডকে কার্যত ম্যাচে নিষ্ক্রিয় রাখেন।
গার্দিওলার অধীনে প্রিমিয়ার লিগে সিটির এক ম্যাচে ০.৪৫ এক্সপেক্টেড গোল—এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন। সংখ্যাই বলে দিচ্ছে, ইউনাইটেড কতটা সফল ছিল নিজেদের পরিকল্পনায়।
মিডফিল্ডের ভারসাম্যেই বদল
আগের কোচিং স্টাফের সময় যে জায়গাটিতে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছিল, সেটি ছিল মিডফিল্ড। ক্যারিক এখানে বড় সিদ্ধান্ত নেন—কোবি মাইনু ও কাসেমিরোর জুটি। মাইনু, যিনি আগের কৌশলে প্রায় হারিয়ে যাচ্ছিলেন, এই ম্যাচে হয়ে ওঠেন ম্যাচের ছন্দনির্ধারক। কাসেমিরোর অভিজ্ঞতার সঙ্গে মাইনুর কর্মক্ষমতা ইউনাইটেডকে দেয় প্রয়োজনীয় ভারসাম্য।
আক্রমণে ইউনাইটেড খেলেছে নিজেদের ঐতিহ্য অনুযায়ী—দ্রুত ও সরাসরি। ব্রুনো ফার্নান্দেস ও ব্রায়ান এমবুয়েমোর অবস্থান সিটির ডিফেন্সিভ মিডফিল্ডকে সিদ্ধান্তহীনতায় ফেলেছে। দুটি শট পোস্টে লেগেছে, তিনটি গোল অফসাইডে বাতিল হয়েছে, আর গোলরক্ষক দোনারুম্মার একাধিক সেভ না হলে ব্যবধান আরও বাড়তে পারত।
এই জয় ক্যারিককে রাতারাতি স্থায়ী সমাধান বানিয়ে দেয় না। তবে বহুদিন পর ওল্ড ট্র্যাফোর্ডে দর্শকেরা এমন একটি ইউনাইটেড দেখেছে, যারা জানে কী খেলতে চায় এবং কেন খেলছে। স্কোরলাইন হয়তো ২-০—কিন্তু এই ম্যাচের আসল গল্প লিখে রাখল ভবিষ্যতের জন্য অনেক বড় ইঙ্গিত।

