ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নিজের চুক্তির মেয়াদ বাড়িয়েছেন লিওনেল মেসি। নতুন চুক্তি অনুসারে ২০২৮ সাল অবধি এই ক্লাবেই থাকছেন আর্জেন্টাইন তারকা।
চুক্তি শেষে বিডিও বার্তায় এমন ঘোষণা এসেছে। মায়ামির ভাষায়, ‘হি ইজ হোম’।
এমএলএসে মেসিকে দেখেই মূলত একে একে যোগ দেন লুইস সুয়ারেজ, জর্দি আলবা ও সার্জিও বুসকেটস। তবে এখন বিদায়ের পথে বুসকেটস-আলবা। সুয়ারেজের ভবিষ্যতও অনিশ্চিত। ফলে মেসি মায়ামিতে থাকছেন কিনা, এ নিয়ে শঙ্কা ছিল।
তবে শঙ্কা ছাপিয়ে তিনি আরও ৩ বছরের জন্য চুক্তি সেরেছেন।
এমএলএসের ২০২৫ মৌসুম শেষেই তার সঙ্গে ফ্লোরিডার ক্লাবটির চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ছিল। তাই মায়ামি বেশ আগে থেকেই মেয়াদ বৃদ্ধির জন্য তোড়জোড় শুরু করে। অবশেষে মেসি মায়ামির নির্মাণাধীন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসে স্বাক্ষর করলেন নতুন চুক্তিপত্রে।
আগামী বছর নতুন ও বৃহৎ এই স্টেডিয়ামে খেলা শুরু করবে ইন্টার মায়ামি। যার সংস্কার কাজ এখনও চলমান, মেসির চুক্তি স্বাক্ষরের জন্য সেই জায়গাকেই বেছে নিলো ডেভিড বেকহ্যামের ক্লাবটি।
নতুন চুক্তি সেরে মেসি বলেন, ‘এখানে থাকতে পেরে আমি সত্যিই অনেক খুশি, এই প্রজেক্ট চালিয়ে নিতে পেরে, স্বপ্নের পাশে থেকে। এটি চমৎকার এক বাস্তবতায় রূপ নিয়েছে– মায়ামি ফ্রিডম পার্কে খেলতে পারব। মায়ামিতে আসার পর থেকে আমি খুব খুশি, তাই এখানে চালিয়ে যেতে পেরে সত্যিই আনন্দিত।’
২০২৩ সালে মায়ামিতে মেসি যোগ দেন। এরপর থেকে দর্শক উন্মাদনায় ভেসে ক্লাবের আর্থিক খাত যেমন বেড়েছে, তেমনি জনপ্রিয় হয়েছে ফ্লোরিডার এই ঠিকানাও। মেসি থাকা মানেই আরও ২-৩ বছর টিকিট বিক্রি বেড়ে যাওয়া।
গত বছর এই আলবিসেলেস্তে মহাতারকা মৌসুমের ‘সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি)’-এর পুরস্কার জেতেন। এবারও দ্বিতীয়বার সেই মর্যাদালাভের দ্বারপ্রান্তে মেসি। এর আগে এমএলএসের ইতিহাসে কেবল একবার দুই মৌসুমে ‘এমভিপি’ পুরস্কার জেতার নজির আছে।
চলতি মৌসুমে এই আর্জেন্টাইন মহাতারকা ইতোমধ্যেই গোল্ডেন বুট জিতেছেন সর্বোচ্চ ২৯ গোল করে। তার পেছনে থাকা ডেনিস বুয়াঙ্গা ও স্যাম সারিজ ৫ গোলে পিছিয়ে। পাশাপাশি ১৯ অ্যাসিস্ট করে মোট ৪৮ গোলে অবদান রেখেছেন মেসি। এমএলএসের সর্বোচ্চ ৪৯ গোল+অ্যাসিস্টের রেকর্ড অল্পের জন্য হাতছাড়া হলো।
৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের এটাই পেশাদার ক্যারিয়ারের শেষ চুক্তি স্বাক্ষর বলে ধারণা করা হচ্ছে।
নিজের ক্যারিয়ারের বর্ণাঢ্য সময়টা মেসি কাটিয়েছেন বার্সেলোনায়। লা মাসিয়া একাডেমি থেকে শুরুর পর ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে তার সিনিয়র দলে অভিষেক হয়। ২০২১ সাল পর্যন্ত সেখানে কাটিয়ে পিএসজিতে খেলেছেন দুই মৌসুম। ২০২২ সালে আর্জেন্টিনার দীর্ঘ বিশ্বকাপখরা কাটানো মেসির মনোযোগ এখন ২০২৬ বিশ্বকাপে। সেটিও হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। মার্কিন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে আসন্ন বিশ্বকাপ খেলার বার্তাই যেন ফের দিয়ে রাখলেন মেসি!

