ক্রিকফুট২৪ডটকম ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবিশ্বাস্য এক নজিড় গড়েছে। তাদের বর্তমান টেস্ট অধিনায়ক শান মাসুদকে তারা আন্তর্জাতিক ক্রিকেট বিভাগের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে!

একই সঙ্গে অধিনায়ক ও প্রশাসনিক পদে থাকা এমন ঘটনা ক্রিকেটে ইতিহাসে বিরল।

পিসিবির চেয়ারম্যান মোহসিন নকভি শুক্রবার রাতে নৈশভোজের সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে এই ঘোষণা দেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান দল এবং সফররত দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রাও।

সম্প্রতি পিসিবি ‘ডিরেক্টর অব ক্রিকেট’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল। এ পদে থাকা উসমান ওয়াহলাকে ‘হ্যান্ডশেকগেট’ বিতর্কে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। দুবাইয়ে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সময় ঘটেছিল সেই বিতর্ক।

পরে উসমানকে পদে ফেরানো হলেও এখন তাকে অন্য বিভাগে সরিয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে তার।

৩৬ বছর বয়সী শান মাসুদ এখন পর্যন্ত ৪৪টি টেস্ট, ৯টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন পাকিস্তানের হয়ে। পিসিবির এই পদে সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হককে প্রাথমিকভাবে এগিয়ে রাখা হচ্ছিল। তবে শেষ পর্যন্ত নির্বাচিত হন বর্তমান অধিনায়ক মাসুদ।

বর্তমানে পাকিস্তান খুব বেশি টেস্ট খেলে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ করেছে দুই ম্যাচের সিরিজ। আগামী টেস্ট সিরিজ খেলবে মার্চে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে। গত ১২ মাসে পাকিস্তান খেলেছে মাত্র ৯টি টেস্ট। এমনকি তাদের চেয়ে জিম্বাবুয়েও বেশি টেস্ট খেলেছে। এ সময় ১১টি ম্যাচ খেলেছে দলটি। অন্যদিকে ভারত খেলেছে ১৫টি, ইংল্যান্ড ১২টি এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা খেলেছে ১১টি করে টেস্ট।

এই পরিস্থিতি বিবেচনায় রেখেই শান মাসুদকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের ফলে শান মাসুদ এখন শুধু মাঠের নেতা নন, বোর্ডেরও এক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক সদস্য।