ম্যানচেস্টার সিটিতে কোচ পেপ গার্দিওলার যুগ শেষ হতে চলেছেপেপ গার্দিওলা। ছবি: গেটি ইমেজেস

ম্যানচেস্টার সিটি কি তবে প্রিমিয়ার লিগের রাজত্ব হারাতে বসেছে? মাঠের পারফরম্যান্স অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গত মৌসুমে লিভারপুলের সঙ্গে সেভাবে পাল্লা দিতে পারেনি সিটিজেনরা। চলতি মৌসুমেও আর্সেনালের বিপক্ষে লড়াই করতে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছে তাদের। একটা সময় প্রিমিয়ার লিগ যেন পেপ গার্দিওলার ব্যক্তিগত সম্পত্তি হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু সেই দাপট এখন ফিকে হতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে ফুটবল মহলে বড় এক প্রশ্ন দেখা দিয়েছে—পেপ গার্দিওলা কি নতুন করে দল পুনর্গঠনের শক্তি ও ইচ্ছা রাখেন? নাকি সিটির ডাগআউটে নতুন কাউকে দেখা যাবে? গার্দিওলা এখন বরখাস্ত হওয়ার দৌড়েও বেশ আলোচনায়!

আজ হোক বা কাল, সিটির সিংহাসনে অন্য কাউকে বসতেই হবে। তাঁর মতো ১০ বছরের অভিজ্ঞতা বা ২৫০-এর বেশি জয় হয়তো তাদের থাকবে না, তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ১০ জনের একটি তালিকা এখন বেশ চর্চিত।

তালিকায় থাকা সম্ভাব্য ১০ কোচ

১০. উনাই এমেরি

অ্যাস্টন ভিলায় উনাই এমেরি নিজেকে নতুন করে প্রমাণ করেছেন। তবে প্রশ্ন হলো, তিনি কি আবার বড় কোনো ক্লাবের চাপ নিতে চাইবেন? ভিলার সীমিত সম্পদ দিয়ে লড়াই করা এক বিষয়, আর সিটির মতো আকাশচুম্বী প্রত্যাশার ক্লাবে কাজ করা অন্য কিছু।

৯. মিশেল

জিরোনার হয়ে লা লিগায় গত মৌসুমে চমক দেখিয়েছিলেন মিশেল। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার পেছনে থেকে তৃতীয় হওয়া ছিল এক অবিশ্বাস্য সাফল্য। তবে এ মৌসুমে জিরোনা সেই ধার ধরে রাখতে পারেনি, পয়েন্ট টেবিলের মাঝামাঝিতে তাদের অবস্থান। জিরোনা ও সিটি একই গ্রুপভুক্ত (সিটি ফুটবল গ্রুপ) হওয়ায় মিশেলের নাম আলোচনায় থাকলেও সাম্প্রতিক ফর্ম তাকে কিছুটা পিছিয়ে দিচ্ছে।

৭. ভিনসেন্ট কোম্পানি

সিটির ঘরের ছেলে হিসেবে ভিনসেন্ট কোম্পানির আলাদা গ্রহণযোগ্যতা আছে। বার্নলিতে কঠিন সময় পার করার পর বর্তমানে তিনি বায়ার্ন মিউনিখের মতো বড় ক্লাবের দায়িত্বে আছেন। সেখানে তার পারফরম্যান্স বেশ আশাব্যঞ্জক। ভবিষ্যতে তিনি আবার ইতিহাদে ফিরবেন—এমন ধারণা অনেকেরই।

৭. রুবেন আমোরিম

লিসবন থেকে উঠে আসা এই কোচের রণকৌশল সিটির ফুটবল দর্শনের সঙ্গে বেশ মানানসই হতে পারে। বিশেষ করে যদি তিনি ইতিহাদে এসে দ্রুত সাফল্য পান, তবে সেটি হবে এক দারুণ চমক।

৫. আন্দোনি ইরাওলা

বোর্নমাউথের কোচ হিসেবে ইরাওলা এরই মধ্যে নজর কেড়েছেন। তার কোচিং স্টাইল আধুনিক ফুটবলের সঙ্গে যায়। চলতি মৌসুমে বোর্নমাউথ কোথায় শেষ করে, তার ওপর নির্ভর করছে বড় ক্লাবে তার ডাক পাওয়ার সম্ভাবনা।

৫. পেপ লাইন্ডার্স

ইউর্গেন ক্লপের সাবেক সহকারী লাইন্ডার্স বর্তমানে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করছেন। ক্লপ ও গার্দিওলা—দুজনের কাছ থেকেই অভিজ্ঞতা নেওয়া এই কোচ সিটির দায়িত্ব সামলানোর প্রাথমিক যোগ্যতা রাখেন।

৩. অলিভার গ্লাজনার

বড় দলগুলোর কোচ বদলের তালিকায় গ্লাজনারের নাম এখন নিয়মিত। খুব শিগগিরই তাকে প্রিমিয়ার লিগের কোনো ‘বিগ সিক্স’ ক্লাবের ডাগআউটে দেখা যেতে পারে। আর্সেনাল ছাড়া বাকি বড় সব দলের জন্যই তিনি একজন যোগ্য প্রার্থী।

৩. জাবি আলোনসো

আগামী গ্রীষ্মে জাবি আলোনসোকে নিয়ে দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যেতে পারে। ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত এই কোচকে সিটি তাদের ভবিষ্যৎ হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

গার্দিওলার পর এনরিকে, মারেস্কা নাকি অন্য কেউ ম্যানসিটির কোচ হচ্ছেন

২. এনজো মারেস্কা

চেলসি ছাড়ার আগে থেকেই সিটির সঙ্গে মারেস্কার নাম জড়িয়েছে। অনেকেই মনে করেন, চেলসিতে কাজ হারানোর অন্যতম কারণ ছিল ম্যান সিটির প্রতি তার আগ্রহ। সিটির ফুটবল সিস্টেম সম্পর্কে তার জানাশোনা বেশ গভীর।

১. লুইস এনরিকে

পিএসজি কোচ লুইস এনরিকে এখন তালিকার শীর্ষে। প্যারিসে প্রায় সব শিরোপাই তিনি জিতেছেন, এখন হয়তো নতুন কোনো চ্যালেঞ্জ খুঁজতে পারেন। আর প্রিমিয়ার লিগের মতো কঠিন প্রতিযোগিতামূলক আসরে সিটির মতো দল পেলে তিনি যে সানন্দে রাজি হবেন, তাতে কোনো সন্দেহ নেই।

ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ আসলে কার হাতে যাবে, তা সময়ই বলে দেবে। তবে গার্দিওলা পরবর্তী অধ্যায় শুরু হওয়া এখন যেন সময়ের ব্যাপার মাত্র!

{একাধিক জনের সম্ভাবনা সমান থাকায় তালিকায় তাদেরকে একই অবস্থানে (যেমন: ৩ নম্বর) রাখা হয়েছে।}