ক্যাচ ধরার পর বাবর আজম ও পাকিস্তান দলের আনন্দ।বাবর আজমদের উইকেট নেওয়ার আনন্দ। ছবি: এএফপি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেন আজ ছিল সাইম আইয়ুবের রঙিন রাত। ব্যাটিংয়ে ৪০ রানের বিধ্বংসী ইনিংসের পর বল হাতে ২ উইকেট—পাকিস্তানের এই তরুণ অলরাউন্ডারের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানের দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে লিড নিল সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তান।

অস্ট্রেলিয়ার পিবক্ষে ৭ বছর পর জয় পেল পাকিস্তান। সর্বমেষ ২০১৮ সালে অজিদের হারিয়েছিলেন বাবর আজমরা।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। তবে শুরুতেই বড় ধাক্কা খায় তারা, কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার সাহিবজাদা ফারহান। সেই বিপর্যয় সামাল দেন সাইম আইয়ুব এবং অধিনায়ক আগা। দ্বিতীয় উইকেটে এই জুটি যোগ করেন ৭৪ রান।

সাইম মাত্র ২২ বলে ৪০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ২টি ছক্কার মার।

অধিনায়ক আগা করেন ২৭ বলে ৩৯ রান। এরপর বাবর আজম (২৪) এবং ফখর জামান (১০) বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে পাকিস্তান কিছুটা চাপে পড়ে। শেষ দিকে মোহাম্মদ নওয়াজের অপরাজিত ১৫ রানের কল্যাণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ পায় গ্রিন শার্টসরা।

অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন।

১৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মারমুখী রূপ ধারণ করেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক ট্রাভিস হেড। ম্যাথু শর্টের সঙ্গে মিলে প্রথম ১০ বলেই তারা তুলেন ২১ রান। হেডের এমন তান্ডবে পাকিস্তান যখন দিশেহারা, তখনই দৃশ্যপটে আসেন সাইম আইয়ুব। নিজের প্রথম ওভারেই ম্যাথু শর্টকে ৫ রানে আউট করে ব্রেক-থ্রু এনে দেন তিনি। পরের ওভারে বিপজ্জনক ট্রাভিস হেডকেও (২৩) সাজঘরের পথ দেখান সাইম। হেডের বিদায়েই মূলত পাকিস্তানের জয়ের ভিত তৈরি হয়।

সাইমের জোড়া আঘাতের পর ক্যামেরন গ্রিন এবং ম্যাট রেনশ (১৫) ইনিংস মেরামতের চেষ্টা করেন। তাদের ৪০ রানের জুটি ভাঙার পর অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১২ রানেই ৮ উইকেট হারায় তারা।

ক্যামেরন গ্রিন ৩১ বলে ৩৬ রান করে দলের সর্বোচ্চ সংক্রাহক হলেও অন্যদের ব্যর্থতায় জয় নাগালের বাইরে চলে যায়। শেষ দিকে জাভিয়ার বার্টলেটের ২৫ বলে অপরাজিত ৩৪ রানের লড়াকু ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

অস্ট্রেলিয়াকে ১৪৬ রানে আটকে দেওয়ার নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন পাকিস্তানের স্পিনাররা। ৪ ওভারের স্পেলে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে অজি ব্যাটারদের বোকা বানিয়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ। সাইম আইয়ুব ২৯ রানে নেন ২ উইকেট। এছাড়া শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ একটি করে উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন।