টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যাকরণ বদলে দেওয়া এক নাম রশিদ খান। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইতিহাস গড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের অবিশ্বাস্য চূড়ায় পা রেখেছেন এই আফগান লেগ স্পিনার। রশিদের এই যাত্রার প্রতিটি সংখ্যাই যেন এক একটি বিস্ময়।
মাইলফলকের ব্যবচ্ছেদ: রশিদ বনাম বাকিরা
রশিদ খান যখন ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন, তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডোয়াইন ব্রাভোর চেয়ে তিনি ৬৯ উইকেট এগিয়ে।
| বোলার | উইকেটসংখ্যা | ম্যাচসংখ্যা |
| রশিদ খান | ৭০০ | ৫১৭ |
| ডোয়ােইন ব্রাভো | ৬৩১ | ৫৮২ |
| সুনীল নারিন | ৬১৩ | ৫৩৬ |
| ইমরান তাহির | ৫৭১ | ৪২৮ |
| সাকিব আল হাসান | ৫০৯ | ৪৪৫ |
আউটের ধরন: বোল্ড ও এলবিডব্লিউ-এর সম্রাট
রশিদের বোলিংয়ের সবচাইতে ভয়ংকর দিক হলো সরাসরি স্টাম্পে আঘাত করা। তার ৭০০ উইকেটের ৫৪.১৪% এসেছে সরাসরি বোল্ড অথবা এলবিডব্লিউ থেকে।
বোল্ড: ২২৫টি (বিশ্বরেকর্ড)
এলবিডব্লিউ: ১৫৪টি (একমাত্র বোলার যার ১০০+ এলবিডব্লিউ উইকেট আছে)
অন্যান্য (ক্যাচ/স্টাম্পিং): ৩২১টি
প্রিয় প্রতিপক্ষ ও প্রিয় দেশ
রশিদ খানের স্পিন বিষ সবচাইতে বেশি নীল করেছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ব্যাটারদের। তবে ব্যক্তিগতভাবে তার শিকার হওয়ার তালিকায় সবার উপরে আছেন রাইয়ান বার্ল ও শিমরন হেটমায়ার (প্রত্যেকেই ৮ বার করে)।
দেশ হিসেবে উইকেটের বন্টন:
ভারত: ১৮১ উইকেট (আইপিএল ও জাতীয় দল মিলিয়ে)
সংযুক্ত আরব আমিরাত: ১৩১ উইকেট
অস্ট্রেলিয়া: ১০২ উইকেট (বিবিএল ও জাতীয় দল)
৪ উইকেটের মহোৎসব ও হ্যাটট্রিক
টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদের মতো ধারাবাহিকতা আর কারো নেই।
৪ বা ততোধিক উইকেট: ২২ বার (টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ)
৫ উইকেট: ৪ বার
হ্যাটট্রিক: ৪টি (আইপিএল, বিবিএল, সিপিএল এবং আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১টি করে)
ক্যাপ্টেন রশিদের ম্যাজিক
অধিনায়ক হিসেবেও রশিদ পিছিয়ে নেই। সাকিব আল হাসানের ১৯০ উইকেটের পর অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ১৪৫ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে নিয়েছেন ৭৮ উইকেট।
ক্যালেন্ডার ইয়ারের দাপট
২০১৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছর ৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন রশিদ। ২০১৮ সালে তিনি একাই নিয়েছিলেন ৯৬ উইকেট, যা একক বছরে দ্বিতীয় সর্বোচ্চ (২০২৫ সালে জেসন হোল্ডার ৯৭ উইকেট নিয়ে এই রেকর্ড ভেঙেছেন)।
মাত্র ২৭ বছর বয়সেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করা রশিদের বর্তমান লক্ষ্য ২০০০ উইকেট! সংখ্যাগুলো অন্তত বলছে, রশিদ খানের নামের পাশে ‘অসম্ভব’ শব্দটি ক্রিকেট অভিধান থেকে মুছে গেছে।

