চেলসি বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচে খেলোয়াড়দের হাতাহাতি।চেলসি বনাম ওয়েস্ট হ্যাম ম্যাচে খেলোয়াড়দের হাতাহাতি। ছবি: গেটি ইমেজেস

গত জানুয়ারিতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি ও ওয়েস্ট হ্যামের মধ্যকার প্রিমিয়ার লিগ ম্যাচে দুই দলের খেলোয়াড়দের ‘গণ-হাতাহাতি’ বা ‘ম্যাস কনফ্রন্টেশন’-এর ঘটনায় চেলসিকে ৩ লাখ ২৫ হাজার পাউন্ড এবং ওয়েস্ট হ্যামকে ৩ লাখ পাউন্ড জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ঘটনার শুরু হয়েছিল চেলসির মার্ক কুকুরেল্লাকে আদামা ত্রাউরের ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে, যা শেষ পর্যন্ত এক কুৎসিত দৃশ্যের অবতারণা করে।

ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৫ মিনিটে) ওয়েস্ট হ্যাম উইঙ্গার আদামা ত্রাউরে চেলসি ডিফেন্ডার কুকুরেল্লাকে ধাক্কা দিলে তেড়ে আসেন ব্লুজ ফরোয়ার্ড জোয়াও পেড্রো। মুহূর্তেই দুই দলের খেলোয়াড়রা একে অপরের ওপর চড়াও হন।

দীর্ঘ ভিএআর (VAR) চেক শেষে দেখা যায়, ওয়েস্ট হ্যাম ডিফেন্ডার জঁ-ক্লেয়ার টডিবো গলা চিপে ধরেছিলেন জোয়াও পেড্রোকে। ফলে রেফারি অ্যান্থনি টেইলর তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

এফএ’র কঠোর অবস্থান

এফএ তাদের বিবৃতিতে জানিয়েছে, দুই ক্লাবই তাদের খেলোয়াড়দের সংযত রাখতে ব্যর্থ হয়েছে। চেলসির বিরুদ্ধে খেলোয়াড়দের উসকানিমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে আনা হয়েছে সহিংস আচরণের অভিযোগ।

দুই ক্লাবই তাদের দোষ স্বীকার করে নিয়েছে। তবে এর আগেও এই দুই ক্লাবের বিরুদ্ধে একই ধরণের নিয়ম ভঙ্গের রেকর্ড থাকায় জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

এই জরিমানার মাধ্যমে এফএ লিগের ক্লাবগুলোকে কঠোর বার্তা দিল যে, মাঠের ভেতর কোনো ধরণের অখেলোয়াড়সুলভ বা সহিংস আচরণ বরদাস্ত করা হবে না।

কমিশনের পর্যবেক্ষণ: দোষী কুকুরেল্লাও!

স্বতন্ত্র রেগুলেটরি কমিশন তাদের লিখিত পর্যবেক্ষণে জানিয়েছে, ঘটনার মূলে ছিলেন কুকুরেল্লাও। কর্নার কিকের পর ত্রাউরেকে উসকে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যদিও ত্রাউরের প্রতিক্রিয়া ছিল মাত্রাতিরিক্ত, তবে চেলসির কয়েকজন খেলোয়াড় গ্যালারির দর্শকদের উত্তেজিত করার চেষ্টাও করেছিলেন। কমিশন এই আচরণকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, সেই ম্যাচে চেলসি ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়েছিল। এনজো ফার্নান্দেজের ইনজুরি টাইমের গোলের ঠিক পরেই শুরু হয়েছিল এই তুলকালাম।