চলতি বছর প্রথমবারের মতো ওয়ানডে সিরিজে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন পাকিস্তান সিরিজের আগে টাইগার ক্রিকেটারদের জন্য বড় সুযোগ হয়ে এসেছে ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের আসর বিসিএল (বাংলাদেশ ক্রিকেট লীগ)। আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে নর্থ জোন ও সেন্ট্রাল জোন।
ফাইনালই যখন প্রস্তুতির মঞ্চ
ফাইনালের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন সেন্ট্রাল জোনের ওপেনার সাইফ হাসান। পাকিস্তান সিরিজের আগে এই ম্যাচটিকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
সাইফ বলেন, “যেহেতু আমরা ফাইনালে উঠছি আর একটা ম্যাচ খেলার সুযোগ বেড়েছে। আর ওয়ানডে সিরিজের আগে এটা খুব ভালো একটা প্রস্তুতি আমাদের জন্য। আশা করি কালকের ম্যাচটায় আমরা আরও ভালো ক্রিকেট খেলতে পারবো।”
ওয়ানডে ফরম্যাটে ফেরার তাগিদ
দীর্ঘদিন ওয়ানডে ফরম্যাটে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ না পাওয়ার আক্ষেপও ঝরেছে সাইফের কণ্ঠে। বিগত দেড় বছরের পরিস্থিতি তুলে ধরেন তিনি।
সাইফ বলেন, “গত এক-দেড় বছর ওরকম ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে আমরা পেয়েছি তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যেগুলাই ওয়ানডে সিরিজ আছে অবশ্যই প্রস্তুতিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে।”
মিরপুরের উইকেট ও দিবারাত্রির ম্যাচ
বগুড়া ও রাজশাহীর স্পোর্টিং উইকেটে লিগ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হলেও ফাইনাল হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। দিবারাত্রির এই ম্যাচ নিয়ে সাইফ হাসান বেশ আশাবাদী।
“বগুড়া-রাজশাহীতে সাধারণত খুব ভালো উইকেট থাকে আর মিরপুরে কালকে যেহেতু দিবা-রাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচ অনুশীলন থাকে, অবশ্যই খুবই ভালো ব্যাটসম্যান হিসেবে যদি বলি। তাই ম্যাচটি যেখানেই খেলি না কেন, নিজের শতভাগ দেয়ার চেষ্টা করি।”
উল্লেখ্য যে, পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। তার আগে বিসিএলের এই ফাইনাল জাতীয় দলের নিয়মিত ও সম্ভাব্য ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে।

