বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কের আকাশে যে কালো মেঘ জমেছিল, তা সরাতে এবার আনুষ্ঠানিক উদ্যোগ নিল বিসিবি। বিশ্বস্ত সূত্র মারফত ভারতের দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআই-এর কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB), যেখানে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া নিয়ে যে কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক অচলাবস্থা তৈরি হয়েছিল, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সেই তিক্ততা দূর করতে চাইছে মিরপুর।
মোস্তাফিজ বিতর্ক ও বিশ্বকাপের সেই ক্ষত
ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতির কেন্দ্রবিন্দুতে ছিল আইপিএল (IPL) এবং মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কেনার পর বিসিসিআই-এর নির্দেশে কেকেআর তাকে ছেড়ে দিলে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে।
এর প্রতিক্রিয়ায় নিরাপত্তা শঙ্কার অজুহাতে ভারত বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ, যার ফলে আসর থেকে বাদ পড়ে টাইগাররা এবং তাদের স্থলাভিষিক্ত হয় স্কটল্যান্ড। দীর্ঘ সময় পর বিসিবির এই চিঠিতে সেই ‘ইগো’ সরিয়ে বাস্তববাদী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
স্থগিত সিরিজ ও এশিয়া কাপের ভাগ্য
বিসিবির চিঠিতে মূলত ২০২৬ সালের সেপ্টেম্বরে স্থগিত হওয়া তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজের বিষয়টি পুনরায় আলোচনায় আনার অনুরোধ করা হয়েছে। তবে বিসিবির জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ ২০২৭ সালের এশিয়া কাপ (Asia Cup)।
বাংলাদেশ এই আসরের আয়োজক হলেও ভারত যদি দেশটিতে ভ্রমণে অস্বীকৃতি জানায়, তবে টুর্নামেন্টটি শ্রীলঙ্কা বা দুবাইয়ের মতো নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেওয়া হতে পারে। এমনটি হলে বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে বিসিবি। মূলত সেই ক্ষতি এড়াতেই বিসিসিআই-এর সাথে সম্পর্ক স্বাভাবিক করার এই তোড়জোড়।
আরও পড়ুন: মোস্তাফিজকে বাদ দিয়ে ৩ মাস পর আইপিএল চেয়ারম্যানের ‘দুর্ভাগ্য’তত্ত্ব!
দিল্লির সবুজ সংকেতের অপেক্ষায় বিসিসিআই
বিসিবি নমনীয় হলেও বিসিসিআই (BCCI) এখনো নিশ্চুপ। তবে তারাও চায় সম্পর্ক স্বাভাবিক হোক। ভারতীয় বোর্ড জানিয়েছে, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বা এশিয়া কাপের ভেন্যু নিয়ে যেকোনো সিদ্ধান্ত নির্ভর করবে তাদের কেন্দ্রীয় সরকারের অনুমতির ওপর।
প্রধানমন্ত্রী তারিক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের সাথে দিল্লির সম্পর্কের সমীকরণই শেষ পর্যন্ত ঠিক করে দেবে মাঠের ক্রিকেট কবে ফিরবে। আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতিতেই মন দিচ্ছে শান্তর দল।

