শনিবার মিরপুরে বিসিবির বহুল আলোচিত বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে যখন পরিচালকরা এলেন, তখন সবার চোখেমুখে ছিল এক ধরনের আত্মপক্ষ সমর্থনের ছাপ। ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাস এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের কাঁধে নেতৃত্বের ভার তুলে দিয়ে বিসিবি দীর্ঘমেয়াদী পরিকল্পনার বার্তা দিতে চেয়েছে। স্পিন বোলিং কোচ হিসেবে কিংবদন্তি মোহাম্মদ রফিকের নিয়োগ এবং সাংবাদিকদের জন্য স্কলারশিপের মতো ইতিবাচক সিদ্ধান্তগুলো সামনে আনা হলেও, সভার মূল আলোচনায় কাঁটা হয়ে বিঁধেছে বিশ্বকাপে বাংলাদেশের না খেলা এবং বোর্ড ভেঙে যাওয়ার গুঞ্জন।
নেতৃত্বে দীর্ঘমেয়াদী আস্থা ও রফিকের ফেরা
বিসিবি বর্তমান অধিনায়কত্বের মেয়াদ বাড়িয়ে লিটন দাসকে ২০২৮ সালের T-twenty World Cup পর্যন্ত দায়িত্ব দিয়েছে, যেখানে তাঁর ডেপুটি হিসেবে থাকছেন সাইফ হাসান। অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ এবং সহ-অধিনায়ক করা হয়েছে টেস্ট দলপতি নাজমুল হোসেন শান্তকে।
এছাড়া ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের মানোন্নয়নে লিজেন্ডারি স্পিনার মোহাম্মদ রফিককে বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বড় সিদ্ধান্তটি এসেছে এই সভায়।
বিশ্বকাপ বয়কট ইস্যু
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সবচেয়ে বেশি তীরের মুখে পড়তে হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা নিয়ে। BCB ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন এ নিয়ে সরাসরি দায় চাপিয়েছেন তৎকালীন সরকারের ওপর।
তিনি বলেন, “সরকারের যে দৃষ্টিভঙ্গি ছিল তখন, সেখানে আমাদের দ্বিমত করার সুযোগ ছিল না। নিরাপত্তা ইস্যুতে আমাদের মতামত খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না।”
অর্থাৎ বোর্ড স্বীকার করে নিল যে, আইসিসির ইভেন্টে দল না পাঠানোর সিদ্ধান্তটি ছিল পুরোপুরি রাজনৈতিক।
আরও পড়ুন: ভেঙে যাচ্ছে বিসিবি! ‘বুলবুল’ পর্ষদের বিদায়ঘণ্টা
পদত্যাগের হিড়িক ও ডিপিএলের অনিশ্চয়তা
বোর্ড সভা চলাকালীন বা ঠিক পরেই পদত্যাগের মিছিলে নতুন নাম যুক্ত হয়েছে ডিসিপ্লিনারি কমিটির প্রধান ফাইয়াজুর রহমানের। এ নিয়ে মোট চারজন পরিচালক পদত্যাগ করলেন। তবে বিসিবির বর্তমান পর্ষদ একে ‘ব্যক্তিগত কারণ’ বলে উড়িয়ে দিলেও নেপথ্যে এনএসসির ৫ সদস্যের তদন্ত কমিটির চাপ কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঢাকা প্রিমিয়ার লিগ (DPL) নিয়ে কোনো চূড়ান্ত সুখবর দিতে পারেনি বোর্ড। ক্লাবগুলো এই পর্ষদকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে অসহযোগিতা করায় লিগ আয়োজন এখন গভীর অনিশ্চয়তায়।
পেনশন স্কিম ও অ্যাওয়ার্ড নাইটের ঘোষণা
বিসিবির গঠনমূলক সিদ্ধান্তের মধ্যে উল্লেখযোগ্য ছিল ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের জন্য পেনশন স্কিম চালুর প্রস্তাব। এছাড়া দীর্ঘ বিরতির পর ক্রিকেটার ও সাংবাদিকদের জন্য ‘অ্যাওয়ার্ড নাইট’ এবং ক্রীড়া সাংবাদিকদের বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ চালুর ঘোষণা দিয়েছে বোর্ড। বোর্ড পরিচালক রুবাবা দৌলা দাবি করেছেন, এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে মূলত ক্রিকেটের ভবিষ্যৎ স্থিতিশীলতার কথা মাথায় রেখে।

