খেলোয়াড় ও কোচ হিসেবে মোহামেডানে অনেক কিছু অর্জন করেছেন আলফাজ আহমেদ।মোহামেডানে খেলোয়াড় ও কোচ হিসেবে অনেক অর্জন আছে আলফাজ আহমেদের।

ফুটবল কোচদের চাকরি অনেকটা জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে থাকার মতো। সাফল্য থাকলে আকাশচুম্বী জনপ্রিয়তা, আর ব্যর্থতায় জোটে নির্মম বিদায়। এই চিরন্তন সত্যের শিকার হলেন এবার দেশীয় ফুটবলের কিংবদন্তি আলফাজ আহমেদ। যার হাত ধরে গত মৌসুমে দীর্ঘ ২৩ বছরের খরা কাটিয়ে লিগ শিরোপা জিতেছিল মোহামেডান, পেশাদার লিগ যুগে প্রথম ট্রফির স্বাদ পেয়েছিল সাদাকালো শিবির; সেই আলফাজকেই আজ রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় বরখাস্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। অথচ মাত্র কয়েক ঘণ্টা আগেও ক্লাব মাঠে ঘাম ঝরানো অনুশীলন করিয়েছেন তিনি।

আবাহনীর কাছে হারই কাল হলো

ফেডারেশন কাপে মোহামেডান এখনো রেসে টিকে থাকলেও লিগে তাদের অবস্থা এককথায় শোচনীয়। ১২ ম্যাচে মাত্র ২ জয়ে ১১ পয়েন্ট নিয়ে ১০ দলের টেবিলে মোহামেডানের অবস্থান এখন ৭ নম্বরে। শিরোপা প্রত্যাশী একটি দলের এমন গড়পড়তা পারফরম্যান্স সমর্থকদের ক্ষুব্ধ করে তুলেছিল।

সবশেষ গেল শুক্রবার কুমিল্লার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে ফিরতি লেগের হারই মূলত আলফাজের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

কড়া ভাষায় অব্যাহতিপত্র

ক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আলফাজকে সরানোর পেছনে কঠোর যুক্তি তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক যা ক্লাবকে বিপর্যয়ের সম্মুখীন করেছে। পরিচালনা পর্ষদ মনে করে, এই অবস্থায় কোচ পরিবর্তন ছাড়া উন্নয়নের আর কোনো পথ খোলা নেই।

মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সহকারী কোচ আব্দুল কাইয়ুম সেন্টুকে। আর টিম লিডারের দায়িত্ব দেওয়া হয়েছে আমিরুল ইসলাম বাবুকে।

আরও পড়ুন: মোহামেডান-কিংস লড়াইয়ে হারেনি কেউ

বিষণ্ণ আলফাজ: ‘আঁচ করতে পারিনি’

হঠাৎ এমন বিদায়ে কিছুটা হতবিহ্বল হলেও পেশাদারত্বের সঙ্গেই পরিস্থিতি সামলেছেন আলফাজ। তিনি বলেন, ‘আমি কয়েক ঘণ্টা আগেও আঁচ করতে পারিনি। আজও দলকে অনুশীলন করিয়েছি। সন্ধ্যায় ক্লাবে থাকার সময় কিছুটা আভাস পাচ্ছিলাম, এরপর বাসায় এসে চিঠি পাই।’

তবে ক্লাবের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি যোগ করেন, ‘দলের ফল খারাপ, তাই আমাকে সরিয়ে দিয়েছে। যেকোনো ক্লাবই ভালো ফল চাইবে, ফলে তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

আরও পড়ুন: মোজাফফরভহীন মোহামেডান আটকে গেল ব্রাদার্সে

সাফল্যের খেরোখাতা

২০২২-২৩ মৌসুমে শফিকুল ইসলাম মানিক বিদায় নিলে খাদের কিনারায় থাকা মোহামেডানের হাল ধরেছিলেন আলফাজ। বড় বাজেট না পেলেও সীমিত সামর্থ্যে তিনি ম্যাজিক দেখিয়েছিলেন। তার কোচিংয়ে মোহামেডান একটি লিগ ও একটি ফেডারেশন কাপ জয় করেছে। এ ছাড়া রানার্সআপ হয়েছে লিগ, ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ এবং চ্যালেঞ্জ কাপে।

মোহামেডানের সাবেক খেলোয়াড়, অধিনায়ক ও কোচ হিসেবে এমন সাফল্য দেশের ফুটবলে বিরল এক নজির। সেই গৌরবের আসন থেকেই আজ মৌসুমে মাঝপথে তাকে বিদায় নিতে হলো।