এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট ট্রফির গ্রাফিকস।এএফি চ্যাম্পিয়নস লিগে আসছে পরিবর্তন।

এশীয় ফুটবলের সর্বোচ্চ ক্লাব আসর এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট (ACL Elite)-এর খোলনলচে বদলে ফেলার সুপারিশ করেছে এএফসি কম্পিটিশন কমিটি। ২০২৬/২৭ মৌসুম থেকে টুর্নামেন্টটিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিযোগিতামূলক করতে বর্তমানে থাকা ২৪ দলের পরিবর্তে ৩২ দলের ফরম্যাটে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। কুয়ালালামপুরে অনুষ্ঠিত কমিটির সভায় এই ঐতিহাসিক পরিবর্তনের রূপরেখা তুলে ধরা হয়।

৩২ দলের লিগ স্টেজ

নতুন এই সংস্কারের মূল কেন্দ্রবিন্দু হলো লিগ স্টেজের পরিধি বাড়ানো। নতুন কাঠামো অনুযায়ী, আসরটি পূর্ব ও পশ্চিম—এই দুই অঞ্চলে সমান ১৬টি করে মোট ৩২টি ক্লাব নিয়ে অনুষ্ঠিত হবে।

এএফসি মনে করছে, এই সংখ্যা বৃদ্ধির ফলে মহাদেশের আরও বেশি অভিজাত ক্লাব নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের সুযোগ পাবে। একইসঙ্গে এশিয়ার ঘরোয়া লিগগুলোর মানোন্নয়ন এবং পেশাদারিত্ব বৃদ্ধিতে এটি বড় অনুঘটক হিসেবে কাজ করবে।

শেষ ১৬-র টিকিট পেতে নতুন সমীকরণ

২০২৬/২৭ মৌসুমের পর থেকে নকআউট পর্বের যোগ্যতা অর্জনের নিয়মেও আসছে বড় পরিবর্তন। লিগ স্টেজ শেষে প্রতিটি অঞ্চলের শীর্ষ ছয়টি দল সরাসরি রাউন্ড অব সিক্সটিন বা শেষ ১৬-তে জায়গা করে নেবে।

তবে যারা সপ্তম থেকে দশম স্থানে থাকবে, তারা সরাসরি বাদ পড়বে না। তাদের জন্য চালু করা হচ্ছে ‘নকআউট স্টেজ প্লে-অফ’। এই প্লে-অফ জয়ী দলগুলোই শেষ ১৬-র বাকি জায়গাগুলো পূরণ করবে।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগ? এ তো ইংলিশ প্রিমিয়ার লিগ!

প্লে-অফে বাড়তি সুবিধা

লিগ স্টেজে যারা তুলনামূলক ভালো পারফর্ম করবে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থাও রেখেছে এএফসি। প্লে-অফ পর্বে সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলো নিজেদের ঘরের মাঠে খেলার (Home advantage) সুবিধা পাবে। এর ফলে লিগ স্টেজের প্রতিটি ম্যাচের গুরুত্ব শেষ দিন পর্যন্ত বজায় থাকবে।

তবে আন্তর্জাতিক ফুটবলের ঠাসা সূচির কথা বিবেচনা করে ২০২৬/২৭ মৌসুমে এই প্লে-অফ পদ্ধতি থাকছে না; এটি পরবর্তী মৌসুমগুলো থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

বাণিজ্যিক ও কৌশলগত লক্ষ্য

এএফসির এই সম্প্রসারণ নীতির পেছনে রয়েছে এশিয়ার ফুটবলের বাণিজ্যিক প্রচার বৃদ্ধি এবং ভৌগোলিক প্রতিনিধিত্ব বাড়ানো। এলিট ফুটবলের এই নতুন বিন্যাস বিশ্ব ফুটবলের মানচিত্রে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটকে আরও উঁচুতে নিয়ে যাবে বলে কমিটির বিশ্বাস। তবে এই সমস্ত সিদ্ধান্ত কার্যকর করার আগে এএফসি নির্বাহী কমিটির চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।