মাঠে হতাশ মুখে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপ্পে।এমবাপ্পের বিরুদ্ধে ‘স্বার্থপরতা’র অভিযোগ ওঠেছে। ছবি: গিবমি স্পোর্ট

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে মাঠের পারফরম্যান্স আর মাঠের বাইরের সমীকরণ—সবকিছুই যেন ওলটপালট হয়ে গেছে। ২০২৪ সালে পিএসজি ছেড়ে স্পেনে পাড়ি জমানোর পর এমবাপ্পে যেমন ব্যক্তিগতভাবে গোল পাচ্ছেন, তেমনি দল হিসেবে রিয়াল মাদ্রিদ হারিয়েছে তাদের চিরচেনা ছন্দ। এবার এই ফরাসি ফরোয়ার্ডের বিরুদ্ধে ‘স্বার্থপরতা’র অভিযোগ তুলেছেন সাবেক ফরাসি তারকা এমানুয়েল পেতি।

পিএসজির সাফল্য বনাম এমবাপ্পের ‘ফিয়াস্কো’

এমবাপ্পে চলে যাওয়ার পর প্যারিস সেইন্ট জার্মেই (PSG) যেন নতুন করে জেগে উঠেছে। নেইমার, মেসি ও এমবাপ্পের মতো মহাতারকাদের বিদায়ে লুইস এনরিকের অধীনে পিএসজি এখন এক ঐক্যবদ্ধ দল। যার ফলস্বরূপ ইতোমধ্যেই ক্লাবটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা ঘরে তুলেছে।

বিপরীতে পিএসজি ছেড়ে রিয়ালে এমবাপ্পের আগমনকে একটি ‘ফিয়াস্কো’ বা চরম ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন ১৯৯৮ বিশ্বকাপ জয়ী পেতি।

মেইল স্পোর্টস-এর বরাতে পেতি বলেন, “সব দোষ শুধু এমবাপ্পের একার নয়। কিন্তু তার আগমন রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমকে স্বার্থপরতায় পূর্ণ করে দিয়েছে। এটি একটি চরম ব্যর্থতা।”

পেতি স্পষ্টত এমবাপ্পেকে ‘স্বার্থপর’ হিসেবে আখ্যা দিচ্ছেন। এমবাপ্পের ‘স্বার্থপরতা’ রিয়াল মাদ্রিদকে ‘ধ্বংস’ করে দিচ্ছে বলেও তাঁর অভিযোগ।

পিএসজির উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, “পিএসজি যখন থেকে একটি দল হিসেবে খেলতে শুরু করেছে, তারা অসাধারণ হয়ে উঠেছে। তারা এখন হাতের আঙুলগুলোর মতোই একতাবদ্ধ।”

আরও পড়ুন: রিয়ালে মাদ্রিদে ‘শূন্যতার’ ভয়: এমবাপ্পে যুগেও ফিরছে ২০২১ সালের দুঃস্বপ্ন!

কামাওভিঙ্গার লাল কার্ড ‘ক্যাটাস্ট্রোফিক’

বায়ার্ন মিউনিখের বিপক্ষে অ্যালিয়াঞ্জ অ্যারেনায় এমবাপ্পে গোল করলেও রিয়াল মাদ্রিদের বিদায় রুখতে পারেননি। তবে পেতি মনে করেন, চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ার পেছনে এমবাপ্পের চেয়েও বড় দায় এডুয়ার্ডো কামাওভিঙ্গার। ম্যাচের ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাওভিঙ্গা, যার সুযোগ নিয়ে দুই গোল করে সেমিফাইনাল নিশ্চিত করে বায়ার্ন।

পেতি বলেন, ‘কাউকে যদি দোষ দিতে হয়, তবে সেটা কামাওভিঙ্গা। তার ফাউলটি ছিল ক্যাটাস্ট্রোফিক (সর্বনাশা)। ম্যাচের ওই সময়ে লাল কার্ডটি কঠোর মনে হলেও রেফারি স্লাভকো ভিনচিচ শুধু নিয়ম প্রয়োগ করেছেন। রিয়াল সবসময় রেফারির পারফরম্যান্সের পেছনে লুকানোর চেষ্টা করে।”

আরও পড়ুন: রিয়াল না ফ্রান্স—কোথায় সেরা? এমবাপ্পের স্পষ্ট জবাব

এমবাপ্পের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন

এটিই প্রথম নয়, এর আগেও ইউরো ২০২৪-এ স্পেনের কাছে হারের পর এমবাপ্পেকে ‘অ্যাটেনশন-সিকার’ (দৃষ্টি আকর্ষণকারী) বলে সমালোচনা করেছিলেন পেতি। এমনকি তিনি এও বলেছিলেন যে, ফ্রান্স দলকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা এমবাপ্পের নেই।

তবে বর্তমানে রিয়ালের ড্রেসিংরুমে তৈরি হওয়া এই অস্থিরতা কি এমবাপ্পের ভবিষ্যৎ ক্যারিয়ারে বড় কোনো প্রভাব ফেলবে—এখন সেটিই দেখার বিষয়।