বিশ্বকাপের ময়দানে এবার খেলোয়াড়দের কেবল পায়ের জাদুই নয়, বরং নিজেদের আচরণের ওপরও রাখতে হবে কড়া নিয়ন্ত্রণ। এখন থেকে কোনো খেলোয়াড় যদি তর্কের সময় হাত দিয়ে মুখ ঢেকে প্রতিপক্ষের সাথে কথা বলেন, তবে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিতে পারবেন। মূলত বর্ণবাদী বা অবমাননাকর মন্তব্য আড়াল করার প্রবণতা রুখতেই ফিফা এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
কেন এই কঠোর নিয়ম?
মুখ ঢেকে কথা বলার বিষয়টি বড় বিতর্কের জন্ম দেয় গত ফেব্রুয়ারিতে। চ্যাম্পিয়নস লিগের এক ম্যাচে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রের সাথে কথা বলার সময় বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ানি জার্সি দিয়ে মুখ ঢেকেছিলেন। পরবর্তীতে তদন্তে তিনি সমকামী বিদ্বেষী মন্তব্য করার দায়ে দোষী সাব্যস্ত হন এবং ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পান।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এই নিয়মের সপক্ষে বলেন, “যদি আপনার লুকানোর কিছু না থাকে, তবে কথা বলার সময় মুখ ঢাকারও প্রয়োজন নেই। কেউ যদি মুখ ঢেকে কিছু বলে এবং সেটি বর্ণবাদী হয়, তবে তাকে অবশ্যই লাল কার্ড দেখতে হবে।”
আরও পড়ুন:
ফিফার নতুন টুর্নামেন্ট, মার্চে প্রথম আসর
মাঠ ছাড়লেও জুটবে লাল কার্ড
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দলবল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার ‘সংস্কৃতি’ বন্ধ করতেও কঠোর হয়েছে আইএফএবি। সাম্প্রতিক আফ্রিকা কাপ অব নেশনস (এএফকন) ফাইনালে মরক্কোর বিপক্ষে পেনাল্টির প্রতিবাদে সেনেগাল দল মাঠ ছেড়ে চলে গিয়েছিল।
যদিও তারা পরে ফিরে এসেছিল, কিন্তু ক্যাফ (CAF) সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে।
নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে কোনো খেলোয়াড় প্রতিবাদ হিসেবে মাঠ ছাড়লে তাকে লাল কার্ড দেওয়া হবে। এমনকি কোনো কোচ বা অফিশিয়াল যদি খেলোয়াড়দের মাঠ ছাড়তে প্ররোচিত করেন, তবে তাদের ওপরও একই শাস্তি নেমে আসবে।
রেফারির হাতে চূড়ান্ত ক্ষমতা
এই নিয়মগুলো প্রয়োগের ক্ষেত্রে মাঠের রেফারির ওপরই চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব এবং পারিপার্শ্বিকতা বিবেচনা করে রেফারি সিদ্ধান্ত নেবেন লাল কার্ড দেওয়া হবে কি না।
আরও পড়ুন:
ফিফা বিশ্বকাপ ২০২৬: মাইলফলকের ৭টি অভাবনীয় তথ্য!
ফিফা নিশ্চিত করেছে, আসন্ন ২০২৬ বিশ্বকাপ থেকেই এই নিয়মগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। কোনো দল যদি মাঠ ছেড়ে যাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে নীতিগতভাবে ওই দলকে বিজয়ী ঘোষণা না করে প্রতিপক্ষকে ওয়াকওভার দেওয়া হবে।

