২০২৪ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। ১০০ ম্যাচে ৮৫ গোল—পরিসংখ্যানই বলে দেয় তিনি কতটা বিধ্বংসী। চলতি ২০২৫-২৬ মৌসুমেও ৪১ ম্যাচে ৪১ গোল করে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। তবে মুদ্রার উল্টো পিঠ বলছে ভিন্ন কথা। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এখন আলোচনায় এমবাপ্পের ‘উদ্ধত’ আচরণ, যা চটিয়ে দিয়েছে তাঁর সতীর্থ থেকে শুরু করে খোদ ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকেও।
সতীর্থদের থেকে বিচ্ছিন্ন হচ্ছেন এমবাপ্পে!
ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-এর দাবি অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে এমবাপ্পে দিন দিন ‘একাকী’ হয়ে পড়ছেন। দলের অধিকাংশ খেলোয়াড় তাঁর ‘আত্মকেন্দ্রিক’ আচরণে বিরক্ত।
অভিযোগ উঠেছে, অনুশীলনের সময় এক স্টাফের প্রতি অসম্মানজনক আচরণ করেছেন তিনি। এমনকি দলের মধ্যাহ্নভোজে নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর উপস্থিত হয়েও কোনো শাস্তির মুখে পড়তে হয়নি তাঁকে।
নিয়মের এই বৈষম্য সতীর্থদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করেছে। বর্তমানে ড্রেসিংরুমে তাঁর ঘনিষ্ঠ কেবল তিন ফরাসি সতীর্থ—ফারল্যান্ড মেন্দি, চুয়ামেনি এবং কামাভিঙ্গা।
আরও পড়ুন:
‘এমবাপ্পের স্বার্থপরতা রিয়াল মাদ্রিদকে ধ্বংস করে দিচ্ছে’
চোটের মাঝে ভ্রমণ ও সমর্থকদের ক্ষোভ
গত এপ্রিলে রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করা ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন এই ২৭ বছর বয়সী তারকা। ইনজুরি কাটিয়ে ওঠার জন্য যখন তাঁর ক্লাব কমপ্লেক্সে পুনর্বাসনে থাকার কথা, তখন তিনি প্রেমিকা এস্টার এক্সপোসিটোকে নিয়ে প্যারিস ও ইতালিতে ভ্রমণে ব্যস্ত সময় কাটিয়েছেন।
গত রবিবার এস্পানিওলের বিপক্ষে রিয়ালের গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র ১২ মিনিট আগে তিনি মাদ্রিদে পৌঁছান, ফলে স্টেডিয়ামে সতীর্থদের সমর্থনে উপস্থিত থাকতে পারেননি তিনি। যদিও শোনা যাচ্ছে ইতালির ক্যাগলিয়ারিতে পুনর্বাসনের জন্য ক্লাবের অনুমতি ছিল তাঁর, কিন্তু ভক্তরা বিষয়টিকে স্রেফ ‘মজা-মাস্তি’ হিসেবেই দেখছেন।
এমবাপ্পেকে বিক্রির দাবি!
রিয়াল মাদ্রিদ সমর্থকদের ধৈর্য যেন বাঁধ ভেঙেছে। সোমবার ক্লাবের অনুশীলনের একটি ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) শত শত সমর্থক এমবাপ্পেকে বিক্রি করে দেওয়ার দাবি তুলেছেন। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও এমবাপ্পের এমন অপেশাদার আচরণে ভীষণ ক্ষুব্ধ বলে জানা গেছে।
মাঠে গোলবন্যা বইয়ে দিলেও, মাঠের বাইরের বিশৃঙ্খলা কি তবে সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলবে? উত্তর দেবে সময়।
আরও পড়ুন:
রিয়ালে মাদ্রিদে ‘শূন্যতার’ ভয়: এমবাপ্পে যুগেও ফিরছে ২০২১ সালের দুঃস্বপ্ন!

