দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের। আজ শনিবার বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী, আগামী ৭ জুন (রবিবার) অনুষ্ঠিত হবে বিসিবি পরিচালনা পর্ষদের হাইভোল্টেজ নির্বাচন।
ওই দিনই ভোটের লড়াই শেষে জানা যাবে আগামী চার বছর দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার মসনদে কারা বসছেন।
মনোনয়ন সংগ্রহ ২০ মে, চূড়ান্ত তালিকা ২৫ মে
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের প্রাথমিক আনুষ্ঠানিকতা হিসেবে আগামী ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিক্রি করা হবে। বিসিবির অভিভাবক হতে ইচ্ছুক প্রার্থীরা এই দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। পরের দিন (২৪ মে) বাছাইকৃত মনোনয়ন তালিকার ওপর আপত্তি গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ২৫ মে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হতেই ওই দিন দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একই দিনে (২৫ মে) পোস্টাল ব্যালট বা ই-ব্যালটের জন্য আবেদন করতে হবে ভোটারদের।
আরও পড়ুন:
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন, যারা আছেন
২৩ পরিচালক পদে ৩ ক্যাটাগরির লড়াই
ভোটের যাবতীয় প্রক্রিয়া ও ব্যালট পাঠানোর কাজ শেষ করে আগামী ৭ জুন বিসিবি’র বোর্ড রুমে সকাল থেকে শুরু হবে মূল নির্বাচন।
সাধারণ পরিচালকদের ভোটের পাশাপাশি ওই দিনই নির্বাচিত পরিচালকদের ভোটে নির্ধারিত হবে বিসিবি’র সভাপতি ও সহ-সভাপতি পদ। ভোটগ্রহণ শেষে ৭ জুন বিসিবি কার্যালয়েই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
প্রতিবারের মতো এবারও ৩টি পৃথক ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়ে আসবেন। এর মধ্যে:
ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ): এই ক্যাটাগরি থেকে আঞ্চলিক ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবেন ১০ জন পরিচালক।
ক্যাটাগরি-২ (ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব): ক্লাব কর্তাদের এই প্রভাবশালী ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি, অর্থাৎ ১২ জন পরিচালক বোর্ড রুমে জায়গা পাবেন।
ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও অন্যান্য সংস্থা): সাবেক ক্রিকেটার, জাতীয় বিশ্ববিদ্যালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হবেন ১ জন পরিচালক।
এই ২৩ জন নির্বাচিত পরিচালকের সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত আরও ২ জন যুক্ত হয়ে মোট ২৫ সদস্যের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠিত হবে।
দেশের ক্রিকেটে পালাবদলের এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই মিরপুরসহ ঢাকার ক্রিকেট পাড়ায় শুরু হয়ে গেছে ব্যাপক নির্বাচনী তৎপরতা।
আরও পড়ুন:
বিসিবি নির্বাচনের প্রক্রিয়া শুরু: সিলেট, চট্টগ্রাম ও বরিশালের কমিটি বাতিল

