Taskin Ahmed celebrating cricket wicket against Pakistan.উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে তাসকিনের উদযাপন।

সিলেটের আকাশ সকাল থেকেই মেঘলা, উইকেটে পেসারদের জন্য ছিল দারুণ সুবিধা। এমন কন্ডিশনে দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশের বোলারদের দিকেই তাকিয়ে ছিল দল। সেই প্রত্যাশা শতভাগ মিটিয়েছেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এই দুই বোলারের দুর্দান্ত বোলিংয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগেই ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছে পাকিস্তান।

প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে কাল শেষ বিকেলে ২১ রান তুলেছিল পাকিস্তান। আজ সকালে নিজেদের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাসকিন আহমেদের বলে আব্দুল্লাহ ফজল আউট হলে প্রথম ধাক্কা খায় সফরকারীরা। উইকেটের পেছনে বাঁ দিকে চমৎকার এক ডাইভ দিয়ে ক্যাচটি লুফে নেন লিটন দাস।

পেস ও স্পিনের যৌথ আক্রমণ

শুরুর ধাক্কা সামলানোর আগেই আজান আওয়াইসকে ফিরিয়ে পাকিস্তানকে দ্বিতীয় আঘাত করেন তাসকিন আহমেদ। শর্ট লেগে ক্যাচ দেওয়ার আগে ৩৪ বলে ১৩ রান করেন আজান। ২৬ রানে ২ উইকেট হারানোর পর শান মাসুদ ও বাবর আজম মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বোলিং পরিবর্তনের চাল দ্রুতই সফল হয়।

শরীফুল ও তাসকিনকে সরিয়ে একপ্রান্তে নাহিদ রানা এবং অন্যপ্রান্তে মেহেদী হাসান মিরাজকে আক্রমণে আনা হয়।

মিরাজ নিজের প্রথম ওভারেই শান মাসুদকে ফিরিয়ে ৩৮ রানের জুটিটি ভাঙেন। শর্ট কাভারে দাঁড়িয়ে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দিয়ে ২১ রানে ফেরেন মাসুদ।

আরও পড়ুন:
‘সুইচ অন’ মোডে বাংলাদেশ, বাবর ফিরলেও লক্ষ্য ‘বাংলাওয়াশ’

মিরাজের দ্বিতীয় শিকার ও বাবরের লড়াই

৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্ব নেন বাবর আজম। ইতিবাচক ব্যাটিংয়ে তিনি রানের চাকা সচল রাখেন।

তবে অন্যপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল থামেনি। থিতু হতে যাওয়া সৌদ শাকিলকে আউট করে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মিরাজ। ২৮ বলে ৮ রান করা শাকিল মিরাজের বল সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার সময় পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে রান। একপ্রান্তে ৫৮ বলে ৩৭ রান নিয়ে অপরাজিত আছেন বাবর আজম, আর তাকে সঙ্গ দিচ্ছেন ১৫ বলে ৬ রান করা সালমান আগা। সকালের সেশনে নাহিদ রানার ১৪৪ কিলোমিটার গতির একটি বলে রিভিউ নিয়ে বাংলাদেশ সফল না হলেও পুরো সেশনটি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে স্বাগতিকরা।

আরও পড়ুন:
সিলেটে লিটনের সেঞ্চুরি: ২৫৭ রানে এগিয়ে দিন শেষ করল বাংলাদেশ