রীতিমতো উড়ছেন হ্যারি কেইন। উড়বেনই না কেন? তার পারফরম্যান্সও যে আকাশছোঁয়া!
ইংল্যান্ডের এই তারকা ফরোয়ার্ড এখন আগুনঝরানো ফর্মে আছেন। ৩২ বছর বয়সে এসে তিনি দেখাচ্ছেন অবিশ্বাস্য কারিশমা।
হ্যারি কেইন এখন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে খেলেন। এই ক্লাবে চলতি মৌসুমে প্রথম ১৪ ম্যাচেই কেইন গোল করেছেন ২২টি! এমন সমৃদ্ধ পরিসংখ্যান লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এমনকি আর্লিং হালান্ডেরও নেই!
একসময় টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগ মাতানো হ্যারি কেইন বুন্দেসলিগায় যোগ দেওয়ার পর ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন। ‘বিস্কোরার’-এর তথ্য বলছে, বায়ার্নের জার্সিতে ম্যাচপ্রতি গড়ে ১.৫৭টি করে গোল করছেন ইংল্যান্ড অধিনায়ক!
এর আগে তিনি কখনও মৌসুমের প্রথম ১৪ ম্যাচে ১৭ গোলের বেশি করতে পারেননি। এবার সেই রেকর্ড ছাড়িয়ে গড়েছেন নতুন ইতিহাস।
গোলের নেশায় থাকা কেইনের অ্যাসিস্ট কমে গেছে। এবার তিনটি গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মাত্র ১৪ ম্যাচে ২৫ গোলে অবদান রেখেছেন চলতি মৌসুমের এখন অবধি। কেইনের দুর্দান্ত ফর্মের সাথে বায়ার্ন মিউনিখও ছুটছে দুরন্ত ঘোড়ার মতো। মৌসুমের প্রথম ১৪ ম্যাচে তাদের জয়ের হার শতভাগ, যা ক্লাবটির জন্য রেকর্ড।
মৌসুমের প্রথম ১৪ ম্যাচে তারকাদের যতো গোল:
| মৌসুম | খেলোয়াড় | গোল |
| ২০২৫-২৬ | হ্যারি কেইন (বায়ার্ন) | ২২ |
| ২০১৪-১৫ | ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ) | ২১ |
| ২০১৯-২০ | আর্লিং হালান্ড (আরবি সালজবুর্গ) | ২১ |
| ২০১৯-২০ | রবার্ট লেভানডভস্কি (বায়ার্ন মিউনিখ) | ১৯ |
| ২০১৩-১৪ | লুইস সুয়ারেজ (লিভারপুল) | ১৯ |
| ২০১২-১৩ | লিওনেল মেসি (বার্সেলোনা) | ১৭ |
| ২০২৫-২৬ | কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ) | ১৬ |

