বিসিবির বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল। ছবি: সংগৃহিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত স্থগিত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। রিটের বিষয়টি আজ সোমবার (১৮ মে) উত্থাপন করা হলে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২১ মে দুপুর আড়াইটায় শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

এর আগে সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আমিনুল ইসলাম, ফারুক আহমেদসহ মোট ১২ জন পরিচালক যৌথভাবে এই রিটটি করেন।

রিটে আমিনুল ইসলাম নিজেকে বিসিবির তৎকালীন সভাপতি, ফারুক আহমেদকে সহসভাপতি এবং অপর ১০ জনকে বিসিবির পরিচালক হিসেবে উল্লেখ করেছেন।

রিট আবেদনকারী ও রুলের বিষয়বস্তু

‘মো. আমিনুল ইসলাম (আমিনুল ইসলাম বুলবুল) এবং অন্যান্য বনাম বাংলাদেশ এবং অন্যান্য’ শিরোনামের রিটটি আজ আদালতের কার্যতালিকায় ৪১৭ নম্বর ক্রমিকে ছিল। সকালে রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী মোকাররামুছ সাকলান বিষয়টি আদালতের সামনে উত্থাপন করেন।

রিট আবেদনকারী অন্য ১০ পরিচালক হলেন—আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমূল আবেদীন ফাহিম, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

আরও পড়ুন:
বিসিবি নির্বাচনে ১৮৪ ভোটারের তালিকায় যারা আছেন, যারা নেই

রিটের প্রার্থনায়, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে ৭ এপ্রিল অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত এবং এর অধীনে গৃহীত সব কার্যক্রম কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে রুল চাওয়া হয়েছে।

পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় তামিম ইকবালের নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম পরিচালনার ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে।

বিবাদী ও অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ

এই রিটে যুব ও ক্রীড়াসচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, প্রধান নির্বাচন কমিশনার এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ মোট ১০ জনকে বিবাদী করা হয়েছে।

উল্লেখ্য, এনএসসি কর্তৃক গঠিত এই বিতর্কিত অ্যাডহক কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু ও আতহার আলী খান যেমন আছেন, তেমনি আছেন বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের সন্তান ও দেশের শীর্ষ ব্যবসায়ী। কমিটিতে আছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সাঈদ ইব্রাহিম আহমদ ও ইসরাফিল খসরু।

এছাড়া আগের বোর্ডের পরিচালক তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহাও এই কমিটির সদস্য।

এর আগে গত ৩০ এপ্রিল সুপ্রিম কোর্টের সাত আইনজীবী একই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেছিলেন, যা গত ১১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সরাসরি খারিজ করে দেন।

এবার খোদ সাবেক বোর্ড কর্তাদের করা এই রিটের ওপরই নির্ভর করছে আগামী ৭ জুনের বিসিবি নির্বাচনের ভবিষ্যৎ।

আরও পড়ুন:
বিসিবি নির্বাচনের তফসিল: ভোট ৭ জুন, ২৩ পরিচালক পদে লড়াই