বেশ কিছুদিন ধরে দেশের ফুটবল মহলে জোর গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ দলে যোগ হচ্ছে না কোনো প্রবাসী ফুটবলারের নাম। ফলে দেশের ঘরোয়া লিগের স্থানীয় ফুটবলারদের ওপর ভরসা রেখেই মালদ্বীপে ডায়মন্ড জুবিলী আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক দল।
এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে আজ ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে (বাংলাদেশ ফুটবল ফেডারেশন)।
আজ রবিবার থেকেই বাফুফের এই প্রাথমিক দলের ক্যাম্প শুরু হচ্ছে। ঘোষিত স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারই গত এপ্রিলে শেষ হওয়া অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নশিপের দলে ছিলেন। তবে যুব দলের আধিক্য থাকলেও অলিম্পিক স্কোয়াডে অভিজ্ঞতার ঘাটতি রাখেনি বাফুফে। জাতীয় দলের জার্সিতে খেলা গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, ফরোয়ার্ড আল আমিন, মিডফিল্ডার মজিবুর রহমান জনি ও পিয়াস আহমেদ নোভার মতো চেনা মুখগুলো আছেন এই প্রাথমিক দলে।
দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হকের অধীনে ফর্টিস ক্লাব মাঠে শুরু হচ্ছে অনুশীলন।
আগামী ১ জুন মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে পর্দা উঠবে এই চারজাতি ফুটবল টুর্নামেন্টের। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি (ডায়মন্ড জুবিলী) উপলক্ষ্যে এই বিশেষ টুর্নামেন্টটি আয়োজন করছে দেশটি।
টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও অংশ নেবে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও স্বাগতিক মালদ্বীপ।
বাংলাদেশ অলিম্পিক দল:
মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ইসহাক আকন্দ, মোহাম্মদ আসিফ, শরিফ উদ্দিন নীরব, জাহিদ হাসান শান্ত, আলফাজ মিয়া, মিঠু চৌধুরী, রাসেল হোসেন, রিমন হোসেন, রাতুল, ইউসুফ আলী, ইসমাইল হোসেন, মানিক হোসেন মোল্লা, শফিউল হোসেন, নাজমুল হুদা ফয়সাল, ইফতিয়ার হোসেন, চন্দন রায়, মজিবুর রহমান জনি, জুয়েল মিয়া, নাজিম উদ্দিন, রাব্বী হোসেন রাহুল, সাজেদ হাসান জুম্মন নিঝুম, মুরশেদ আলী, সৌরভ দেওয়ান, আসাদুল মোল্লা, ইয়াসিন আরাফাত সিফাত, পিয়াস আহমেদ নোভা, আল আমিন, মোহাম্মদ মানিক, মইনুল ইসলাম মইন ও প্রণয় ইনোসেন্ট মারান্ডি।

