Former Karnataka Ranji trophy fast bowler SL Akshay.ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অক্ষয়। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

ক্রিকেটই ছিল তাঁর জীবনের ধ্যানজ্ঞান, আর শেষ পর্যন্ত সেই ক্রিকেট মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন কর্নাটকের সাবেক ক্রিকেটার এসএল অক্ষয়। ভারতের বেঙ্গালুরুতে ঘরোয়া ক্রিকেটের তৃতীয় ডিভিশনের একটি ম্যাচ খেলার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ৩৯ বছর বয়সী এই ডানহাতি পেসার। ভারতীয় তারকা লোকেশ রাহুল, রবীন উথাপ্পা ও করুণ নায়ারদের সাবেক এই সতীর্থের আকস্মিক প্রয়াণের খবর নিশ্চিত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ডোড্ডা গণেশ।

গতকাল রবিবার (২৪ মে) বেঙ্গালুরুর কেআর পুরমের মাঠে তৃতীয় ডিভিশনের একটি লিগ ম্যাচে খেলছিলেন কর্নাটকের শিবমোগার বাসিন্দা অক্ষয়।

দুপুরের দিকে ফিল্ডিং করার সময় হঠাৎ করেই তীব্র বুকে ব্যথা অনুভব করেন তিনি। মাঠের ভেতর অক্ষয় অসুস্থ হয়ে পড়লে সতীর্থরা তাঁকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে এই ক্রিকেটারের।

অক্ষয়ের এমন আকস্মিক মৃত্যুতে পুরো কর্নাটকের ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডোড্ডা গণেশ ও কেএসসিএ’র শোক প্রকাশ

মৃদুভাষী ও সদা হাস্যময় অক্ষয়কে অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে খুব কাছ থেকে দেখেছেন কর্নাটকের কিংবদন্তি ক্রিকেটার ডোড্ডা গণেশ।

অক্ষয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) ডোড্ডা গণেশ লিখেছেন, ‘ক্রিকেট মহলের জন্য অত্যন্ত বেদনাদায়ক একটি খবর। ফাস্ট বোলার এসএল অক্ষয় আজ ডিভিশন ম্যাচ খেলার সময় মারা গেছেন। নিজের দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা আমার জানা নেই। ২০১১-১২ মরশুমে কর্নাটকের হয়ে দারুণ খেলা এই মৃদুভাষী ছেলেটি আর আমাদের মাঝে নেই। শান্তিতে ঘুমাও অক্ষয়।’

এদিকে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এক শোক বার্তায় অক্ষয়ের অবদানের কথা স্মরণ করেছে।

সংস্থাটির বর্তমান সভাপতি ও ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ গভীর শোক প্রকাশ করে বলেন, অক্ষয় খেলোয়াড় হিসেবে কর্নাটককে যেমন সার্ভিস দিয়েছেন, তেমনি অবসর নেওয়ার পর জুনিয়র লেভেলের কোচ হিসেবে রাজ্যটির তরুণ ক্রিকেটারদের মেন্টরিং ও প্রতিভা অন্বেষণে অনবদ্য ভূমিকা রেখে গেছেন।

রাহুল-উথাপ্পাদের সতীর্থের ক্যারিয়ার

ঘরোয়া ক্রিকেটে কর্নাটকের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলেছেন অক্ষয়। দলের নিয়মিত মুখ লোকেশ রাহুল, রবীন উথাপ্পা ও ট্রিপল সেঞ্চুরিয়ান করুণ নায়ারদের সঙ্গে ২০১১-১২ মৌসুমে কাঁধে কাঁধ মিলিয়ে রঞ্জি ট্রফি খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬টি রঞ্জি ম্যাচ খেলে ১৮টি উইকেট শিকার করেছিলেন এই মিডিয়াম পেসার। এছাড়া কর্নাটকের হয়ে ৩টি লিস্ট-এ (৫০ ওভার) এবং ৯টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি কর্নাটক প্রিমিয়ার লিগেও (কেপিএল—যার বর্তমান নাম মহারাজা ট্রফি কেএসসিএ টি-টুয়েন্টি) বেশ কয়েক বছর নিয়মিত খেলেছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।