স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত ব্যক্তিগত ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি কোনো ব্যাটার। ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেই অধরা ঠিকানায় পা রাখতে চান ভারতের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ক্রিস গেইলের করা ১৭৫ রানের মহাকাব্যিক রেকর্ড ভেঙে টি-টোয়েন্টিতে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানোই এখন তাঁর একমাত্র লক্ষ্য।
বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর বয়স কেবল ১৫ বছর। তবে এই কাঁচা বয়সেই বাইশ গজে রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে উঠেছেন তিনি।
প্রতিপক্ষের বোলারদের ওপর প্রতিনিয়ত রুদ্রমূর্তি ধারণ করে গড়ছেন একের পর এক কীর্তি। বয়সভিত্তিক ও আঞ্চলিক ক্রিকেটে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে আরও আগেই পাদপ্রদীপের আলোয় এসেছিলেন তিনি।
অবশ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসর থেকে বিশ্ব ক্রিকেটের এক বড় তারকায় পরিণত হয়েছেন এই কিশোর।
আইপিএল থেকে তারকা হয়ে ওঠার গল্প
গত মৌসুমে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটের কারণে হঠাৎই একাদশে খেলার সুযোগ মিলেছিল বৈভব সূর্যবংশীর। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে অভিষেক ম্যাচের প্রথম বলেই এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা মেরে নিজের আগমনী বার্তা দেন তিনি। সেই ম্যাচে ২০ বলে ৩৪ রানের ইনিংস দিয়ে যাত্রা শুরু করার পর, পরের ম্যাচেও আউট হন দুটি ছক্কা মেরে।
আর নিজের তৃতীয় ম্যাচেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি উপহার দেন এই ‘ওয়ান্ডারকিড’।
আইপিএলের গত আসরের পর ভারতীয় ‘এ’ দলের হয়ে রাইজিং স্টার্স এশিয়া কাপেও তাণ্ডব চালান বৈভব সূর্যবংশী। সেখানে ১৫টি ছক্কার সাহায্যে মাত্র ৪২ বলে ১৪৪ রানের এক টর্নেডো ইনিংস খেলেন তিনি, যা স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ার সেরা। চলতি ২০২৬ সালের আইপিএলেও দুর্দান্ত ফর্মে আছেন এই তরুণ। ১টি সেঞ্চুরি ও ৩টি ফিফটিসহ ১৪ ইনিংসে ইতিমধ্যে ৫৮৩ রান করেছেন ২৩২.২৭ এর দানবীয় স্ট্রাইক রেটে, যা রাজস্থানকে প্লেঅফে তোলার পথে সবচেয়ে বড় অবদান রেখেছে।
আরও পড়ুন:
শচীন-কোহলিদের উত্তরসূরি বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য উত্থান যেভাবে
গেইলের রেকর্ড ভেঙে চূড়ায় ওঠার লক্ষ্য
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ইনিংসের বিশ্ব রেকর্ডটি বর্তমানে ক্রিস গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ১৭টি ছক্কা ও ১৩টি চারে অপরাজিত ১৭৫ রান করেছিলেন এই ক্যারিবীয় দানব। ইংল্যান্ডের ব্যাটিং গ্রেট কেভিন পিটারসেনের ইউটিউব চ্যানেল ‘দ্য সুইচ’-এ দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশী সরাসরি গেইলের সেই রেকর্ড ভাঙার হুঙ্কার দেন।
সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশী স্পষ্ট করে বলেন, “আমি টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে ২০০ রান করতে চাই।”
তখন পিটারসেন তাঁকে মনে করিয়ে দেন যে, ক্রিকেটের ইতিহাসে এখনও কেউ এই ফরম্যাটে দুইশ ছুঁতে পারেনি।
জবাবে আত্মবিশ্বাসী বৈভব সূর্যবংশী বলেন, “হ্যাঁ, আমি ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে চাই এবং দুইশ করতে চাই। যদি কোনো ম্যাচে আমি ওপেনিংয়ে নেমে পুরো ২০ ওভার খেলার সুযোগ পাই, তবে অবশ্যই গেইলের ওই রেকর্ড ভেঙে দেব।”
ডাবল সেঞ্চুরির স্বপ্ন অনেক পুরোনো
এক ইনিংসে ডাবল সেঞ্চুরি করার ইচ্ছা অবশ্য আরও আগে থেকেই নিজের হৃদয়ে লালন করছেন বৈভব সূর্যবংশী। গত বছর ইংল্যান্ড লায়ন্সের (অনূর্ধ্ব-১৯) বিপক্ষে ১৪৩ রান করার পথে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম ৫২ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। ম্যাচটি শেষে সংবাদ সম্মেলনেও তিনি পুরো ৫০ ওভার খেলে দুইশ রান করতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
যুব ও ঘরোয়া ক্রিকেটে এর আগেও দুইবার দুইশ রানের খুব কাছে গিয়েছিলেন বৈভব সূর্যবংশী।
ভারতের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলেছিলেন ১৯০ রানের এক বিধ্বংসী ইনিংস। আর সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালেও তাঁর ব্যাট থেকে এসেছিল ১৭৫ রান। এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচ খেলে ২১৬.১৬ স্ট্রাইক রেটে ১ হাজার ২৮৪ রান করেছেন বৈভব সূর্যবংশী, যেখানে ৪টি সেঞ্চুরির পাশাপাশি ৪টি ফিফটি রয়েছে এই ১৫ বছর বয়সী মহাতারকার।

