এশিয়া কাপের ট্রফি নিয়ে কতো নাটকীয়তা! এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে টানাপোড়েন। সেই টানাপোড়েন গিয়ে ঠেকলো দুবাইতে আইসিসির সভায়।
সেখানে আলোচনার ফলেই বিসিসিআিই এবং পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে চলা বিবাদ সম্ভবত শেষ হতে যাচ্ছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার ইঙ্গিত অন্তত সেদিকেই।
গতকাল দুবাইয়ে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভায় ছিলেন দেবজিৎ সাইকিয়া। বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে তিনি কথা বলেন।
সাইকিয়া বলেন, ‘বিসিসিআই ও পিসিবি প্রধান মহসিন নাকভি এশিয়া কাপের ট্রফি নিয়ে চলা বিবাদ বন্ধুত্বপূর্ণভাবে মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। আমি আইসিসির আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দুই বৈঠকেই উপস্থিত ছিলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিও ছিলেন সেখানে।’
এশিয়া কাপের ফাইনাল গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে হয়। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ভারত নাকভির হাত থেকে ট্রফি নেয়নি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে ট্রফি দেওয়ার এখতিয়ার কিন্তু তাঁরই। তাই নাকভি তখন ট্রফি নিজের কাছেই রেখে দেন।
এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় মাস। কিন্তু ট্রফি আর পায়নি ভারত! নাকভিও গোঁ ধরে আছেন রীতিমতো। পরবর্তীতে আইসিসি বোর্ড সভায় বিষয়টি তোলা হবে বলে জানায় বিসিসিআই।
বোর্ড সভা হয়ে গেছে আইসিসির। তা, কী কথা হলো সেখানে?
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে এশিয়া কাপ ট্রফির বিষয়টি ছিল না। তবে আইসিসি তাদের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতিতে আমার ও পিসিবি প্রধানের মধ্যে আলাদা করে এক বৈঠকের ব্যবস্থা করে।’
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই দুই কর্মকর্তার একজন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, অন্যজন প্রধান নির্বাহী সংযোগ গুপ্ত।
সেই বৈঠক নিয়ে বিসিসিআই সচিব বলেন, ‘আলোচনার প্রক্রিয়া শুরু করা সত্যিই ভালো ছিল। উভয় পক্ষই আন্তরিকভাবে বৈঠকে অংশ নেয়, যা আইসিসি বোর্ড সভার ফাঁকে অনুষ্ঠিত হয়েছে।’
বিসিসিআই সচিব জানিয়েছেন, ভারতের কাছে এশিয়া কাপের ট্রফি পৌঁছানোর প্রক্রিয়া চূড়ান্ত করতে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে।
সাইকিয়ার ভাষায়, ‘উভয় পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধানের জন্য কিছু একটা কাজ করবে। বরফ এখন গলে গেছে, তাই বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করা হবে। অন্য পক্ষের থেকেও বিকল্প থাকবে, এবং এই সমস্যাটি নিষ্পত্তি করে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে আসার জন্য আমরাও বিকল্প দেব।’
বরফ কী তাহলে গলেই গেল? দেখা যাক!

