রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমটা প্রত্যাশা অনুযায়ী মোটেও কাটেনি ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পের। স্প্যানিশ জায়ান্টদের ডেরায় তাঁর এই কঠিন ও অম্ল-মধুর মৌসুম আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্স জাতীয় দলের পারফরম্যান্সে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছিল অনেক। অবশেষে ফরাসিদের হেড কোচ দিদিয়ের দেশমের মনে এ নিয়ে বিন্দুমাত্র কোনো সংশয় বা দুশ্চিন্তা নেই।
বিশ্বকাপের মেগা আসর শুরুর ঠিক আগমুহূর্তে ফ্রান্সের মাস্টারমাইন্ড কোচ জোর দিয়ে জানিয়েছেন, তাঁর দলের অধিনায়ক বিশ্বমঞ্চের এই মহাযুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ কোনো সমস্যা বা ফর্মের ঘাটতি এমবাপ্পের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না বলেও উসকে দেওয়া সব জল্পনা-কল্পনা এক ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি।
“এমবাপ্পে নিখুঁত অবস্থায় আছে”
আমেরিকার বিমান ধরার আগে নঁতেতে আইভরি কোস্টের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে নিজের সেরা তারকা ও অধিনায়কের ঢাল হয়ে দাঁড়ান দেশম।
ফরাসি বস বলেন, “এমবাপ্পের সাথে আমার নিয়মিত কথা হয়, ও অধিনায়ক হিসেবে দলের বাকি খেলোয়াড়দের সাথেও যোগাযোগ রাখছে। ক্লাব ফুটবলে কী ঘটেছে বা না ঘটেছে—সেটি একদম ভিন্ন বিষয়। কিন্তু জাতীয় দলের আবহ ও পরিবেশ সম্পূর্ণ আলাদা।”
এমবাপ্পের বর্তমান অবস্থা নিয়ে দেশম বলেন, “কিলিয়ান বর্তমানে একদম নিখুঁত শারীরিক ও মানসিক অবস্থায় রয়েছে। ওকে নিয়ে চিন্তার কিছু নেই।”
আরও পড়ুন:
জিরু ও অঁরিকে টপকে ফ্রান্সের শীর্ষে ওঠছেন এমবাপ্পে!
এমবাপ্পের ঝুলিতে আছে বিশ্বকাপের অগাধ অভিজ্ঞতা
বর্তমান ফরাসি স্কোয়াডের সিংহভাগ তরুণ হলেও এমবাপ্পের অভিজ্ঞতা যে এই দলের মূল চালিকাশক্তি, সেটি মনে করিয়ে দিতে ভোলেননি দেশম।
তিনি ব্যাখ্যা করে বলেন, “কিলিয়ানের কাছে এমন কিছু অভিজ্ঞতা আছে যা দলের অন্য অনেকেরই নেই। এটি হতে যাচ্ছে ওর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। আর আমরা সবাই জানি, বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে খেলা কতটা কঠিন এবং চাপের।”
উত্তর আমেরিকার মাটিতে সফল বিশ্বকাপ মিশন সম্পন্ন করতে ফ্রান্স যে তাদের এই ট্রাম্প কার্ডের অভিজ্ঞতার ওপর ব্যাপকভাবে নির্ভর করবে, তা কোচের কথাতেই স্পষ্ট।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ী তারকাদের নিয়ে সুখবর
এমবাপ্পের পাশাপাশি দলের বাকি সদস্যদের ফিটনেস নিয়েও গণমাধ্যমকে ইতিবাচক আপডেট দিয়েছেন দিদিয়ের দেশম।
গত শনিবার আর্সেনালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ফাইনাল খেলা রক্ষণভাগের মূল সেনা উইলিয়াম সালিবা একদম চনমনে ও দুর্দান্ত কন্ডিশন নিয়ে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন।
পাশাপাশি আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের মুকুট জেতা পিএসজি (PSG) স্কোয়াডের ফরাসি ফুটবলাররাও কোনো ক্লান্তি ছাড়াই সতেজ অবস্থায় স্কোয়াডে যুক্ত হয়েছেন। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে হতে যাওয়া এই ২৩তম বিশ্বকাপটিই হতে যাচ্ছে ফ্রান্সের ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ দিদিয়ের দেশমের শেষ অ্যাসাইনমেন্ট।
বিদায়ের আগে এমবাপ্পের হাত ধরে আরও একটি সোনালী ট্রফি উঁচিয়ে ধরতে মরিয়া এই ফরাসি কাপ্তান।
আরও পড়ুন:
রিয়াল না ফ্রান্স—কোথায় সেরা? এমবাপ্পের স্পষ্ট জবাব

