ক্যারিয়ারের ঐতিহাসিক এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। শুধু ব্যক্তিগত ক্যারিয়ারই নয়, দেশের প্রেক্ষাপটেও তিনি এই মুহুর্তটি নিয়ে গর্ব করতে পারেন। কারণ, তিনিই বাংলাদেশের হয়ে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে খেলতে যাচ্ছেন শততম টেস্ট!

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথমটি ছিল মুশফিকের ৯৯তম টেস্ট। ঢাকায় ১৯ নভেম্বর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে, যেটি তার ক্যারিয়ারের শততম।

মুশফিকের এই দারুণ ক্ষণকে স্মরণীয় করে রাখতে চায় ক্রিকেট বোর্ড (বিসিবি)। এজন্য তারা পরিকল্পনাও করছে।

সেদিন মুশফিকুর রহিমের হাতে শততম টেস্টের বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হবে। সঙ্গে সকল ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি বিশেষ ব্যাটও উপহার পাবেন এই ডানহাতি ব্যাটার। এছাড়া সেদিন মিরপুরে হোম অব ক্রিকেটে ‘মিস্টার ডিপেন্ডেবল’ এর পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হবে।

সবমিলিয়ে মুশফিকের মুহুর্তকে ভালোমতোই উদযাপন করতে চায় বিসিবি।

মুশফিকুর রহিম বর্তমানে কেবল টেস্টই খেলছেন। শততম টেস্ট খেলে তিনি অবসর নেবেন কিনা, সেটা বড় কৌতুহল জাগিয়ে রেখেছে। তবে যেহেতু তিনি এক ফরম্যাটেই খেলছেন, সেহেতু চালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকের অর্জন নিয়ে গর্বিত। শান্ত বলেন, ‘অবশ্যই অনেক বড় একটা অর্জন, খুবই রোমাঞ্চিত। আমি (সিলেট টেস্টের) প্রথম দিনের প্রেস কনফারেন্সে বলেছিলাম আমরা উদযাপন করতে চাই। খেলোয়াড়রা চায় ওই দিনটা বা ওই পুরো পাঁচ দিন আমরা উপভোগ করব। সম্মানের জায়গা তো আছেই। এরকম একটা অর্জন আমাদের বাংলাদেশে কখনও হয়নি। সুতরাং আমরা সবসময় আশা করি এরকম একটা মানুষকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সম্মানটুকু দেওয়া উচিত এবং অধিনায়ক হিসেবে ওই জিনিসটা করারই চেষ্টা করব।’

মুশফিক যাতে এখানেই থেমে না যান, সেই আহ্বানও জানিয়ে রাখলেন শান্ত, ‘আমি আশা করব মুশফিক ভাই ১০০ টেস্ট খেলার পরও যেন উনি আরও চালিয়ে যান। কারণ এরকম অভিজ্ঞ খেলোয়াড় আমাদের টেস্ট দলে প্রয়োজন। আমি আশা করব সেটাও যেন উনি চালিয়ে যায়।’