বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হয়ে গেছেন হামজা চৌধুরী। মাঠ ও মাঠের বাইরে তাকে ঘিরেই আবর্তিত হচ্ছে জাতীয় দল।
নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে হামজা ইংল্যান্ড থেকে দেশে ফিরেছেন। নেপালের বিপক্ষে দুরন্ত ফুটবলে উপহার দিয়েছেন জোড়া গোল। মঙ্গলবার নামবেন ভারতের বিপক্ষে ম্যাচে।
ব্যস্ত সময়ে হামজা এক সাক্ষাৎকারে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন। এই একাদশে ব্রাজিল কিংবদন্তি পেলে ও আর্জেন্টিনা কিংবদন্তি ম্যারাডোনা নেই। তবে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো আছেন।
হামজা নিজের একাদশ সাজিয়েছে ৪-৩-৩ ফরমেশনে।
হামজা জানান, তার দলে কোচ হিসেবে থাকবেন পেপ গার্দিওলা। গোলরক্ষক হিসেবে তিনি রেখেছেন ম্যানুয়েল নয়ারকে। রক্ষণভাগে তার ভরসা দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক আর রবার্তো কার্লোস।
জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা এবং কান্তেকে মাঝমাঠে রেখেছেন হামজা।
আক্রমণভাগে দুই প্রান্তে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। আর মূল স্ট্রাইকার হিসেবে থাকছেন ব্রাজিল তারকা রোনালদো নাজারিও।
হামজার পছন্দের একাদশে মূলত গেল শতাব্দির শেষ আর চলতি শতাব্দির সেরা খেলোয়াড়রাই প্রাধান্য পেয়েছেন। তিনি যেসব খেলোয়াড়কে খেলতে দেখেছেন, তাদের মধ্য থেকেই সেরা বেছে নিয়েছেন।
হামজার পছন্দের সর্বকালের সেরা একাদশ:
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার
ডিফেন্স: দানি আলভেজ, পাওলো মালদিনি, ভার্জিল ফন ডাইক, রবার্তো কার্লোস
মধ্যমাঠ: জিনেদিন জিদান, আন্দ্রেস ইনিয়েস্তা, এনগোলো কান্তে
অ্যাটাক: লিওনেল মেসি, রোনালদো নাজারিও, ক্রিশ্চিয়ানো রোনালদো
কোচ: পেপ গার্দিওলা।

