আর্জেন্টাইন তারকা মেসি ও পর্তুগিজ যুবরাজ রোনালদো।মেসি ও রোনালদো। ছবি: গেটি

এটা এমন এক রেকর্ড, যেখানে আর কারো পা পড়েনি কোনোদিন।
এই রেকর্ড এমন এক গৌরবের, যা আর কাউকে ছুঁয়ে দেয়নি।

এই রেকর্ড আর গৌরবের একমাত্র অংশীদার হতে পারেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

ইতিহাসে প্রথমবারের মতো ৬টি বিশ্বকাপ খেলার অনন্য রেকর্ড এখন ডাকছে তাদের দুজনকে।

চলতি বছরের মার্চে ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত করে আর্জেন্টিনা। আর কাল রাতে আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বৈশ্বিক শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের সামিল করে নেয় পর্তুগাল।

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের আসর। যদি সব ঠিক থাকে, তাহলে সেখানে মাঠ মাতাতে দেখা যাবে মেসি ও রোনালদোকে।

আগামী বিশ্বকাপে খেলা প্রসঙ্গে মেসি বলে রেখেছেন, ‘আমি সেখানে (বিশ্বকাপে) থাকতে চাই।’ তবে ফিটনেসের বিষয়টিও তিনি বলে রেখেছেন। যদি শরীরে কুলায়, যদি দলের চাহিদা মেটাতে পারেন, তবেই তিনি খেলবেন।

অন্যদিকে ‘সিআর৭’ আগামী বিশ্বকাপ খেলেই ইতি টানতে চান। সম্প্রতি সৌদি আরবে ট্যুরিজম কনফারেন্সে সিএনএন উপস্থাপক বেকি অ্যান্ডারসনের সঙ্গে ভিডিও সংযোগে রোনালদো বলেন, ‘অবশ্যই (আমার) শেষ বিশ্বকাপ হবে এটা। কারণ, তখন আমার বয়স হবে ৪১।’

মেসি-রোনালদোর শেষ বিশ্বকাপ হিসেবে ২০১৮ বিশ্বকাপকে অনেকেই পূর্বাভাস দিয়েছিলেন। কিন্তু তারা থামেননি। এরপর ২০২২ বিশ্বকাপেও তাদের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। সেই বিশ্বকাপ জিতে মেসি পূর্ণতা পেয়েছেন ক্যারিয়ারে। রোনালদো অবশ্য কোয়ার্টার ফাইনালে গিয়ে থেমে যান।

তবে এবারই শেষ!
২০২৬ বিশ্বকাপের পর মেসি বা রোনালদো কাউকেই আর আন্তর্জাতিক ফুটবলে সম্ভবত মাঠ মাতাতে দেখা যাবে না।

৫টি বিশ্বকাপে ২৬ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ১৩টি, অ্যাসিস্ট ৮টি।

সমান সংখ্যক বিশ্বকাপে ২২ ম্যাচে রোনালদোর গোল ৮টি, অ্যাসিস্ট ২টি।

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির। এই রেকর্ডে পঞ্চম স্থানে আছেন রোনালদো।