italyবিশ্বকাপে খেলার অপেক্ষায় ইতালি। ছবি: গেটি ইমেজেস

ইতালির নিয়তি এমন হবে, কে ভেবেছিল! চারবারের বিশ্বচ্যাম্পিয়ন তারা। অথচ তারাই গেল দুই বিশ্বকাপে (২০১৮ ও ২০২২) খেলতে পারেনি।

এবারও তাদের ভাগ্য ঝুলছে সুঁতোর মধ্যে। বাছাইপর্ব উতরাতে পারেনি ইতালি। এখন তাদের সামনে শেষ সুযোগ প্লে-অফ। আর এই প্লে-অফে ইতালির প্রথম বাধা উত্তর আয়ারল্যান্ড।

আজ সুইজারল্যান্ডের জুরিখে হয়েছে ইউরোপীয় ও আন্তমহাদেশীয় প্লে-অফের ড্র। সেখানেই জানা গেছে ইতালির প্রথম প্রতিপক্ষ।

ইতালি যদি উত্তর আয়ারল্যান্ডকে হারাতে পারে, তাহলে তাদেরকে খেলতে আরেক ম্যাচ। সে ম্যাচের প্রতিপক্ষ হবে ওয়েলস কিংবা বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ম্যাচের জয়ী দল।

২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮টি দল। বাছাইপর্ব পেরিয়ে ৪২টি দল চূড়ান্ত হয়েছে। বাকি ৬টি দল আগামী মার্চের প্লে-অফ থেকে আসবে। এর মধ্যে ইউরোপীয় প্লে-অফ থেকে ৪টি এবং আন্তমহাদেশীয় প্লে-অফ থেকে ২টি দল পাবে সুযোগ।

প্লে-অফের প্রথম ম্যাচে (সেমিফাইনাল) পাথ ‘এ’তে ইতালি প্রতিপক্ষ হিসেবে উত্তর আয়ারল্যান্ডকে পেয়েছে। আজ্জুরিরা এতে আশাবাদী হতেই পারে। কারণ, এর আগে ১১টি ম্যাচে মুখোমুখি হয়ে তাদের বিপক্ষে মাত্র একবার হেরেছে ইতালি।

ইতালির কোচ জেনারো গাত্তুসো উত্তর আয়ারল্যান্ডকে হারানোর ঘোষণা দিয়ে রাখলেন এভাবে, ‘আমাদের প্রথম ম্যাচের দিকে মনোযোগ দিতে হবে। উত্তর আয়ারল্যান্ডকে আমরা হারাতে পারবো। এটা ঠিক, তারা খুবই শরীরী ফুটবল খেলে। তবু আমরা তাদের বিপক্ষে ইতিবাচক কিছু করবো বলে আশা করছি।’

এদিকে, প্লে-অফের ‘বি’ গ্রুপে ইউক্রেন প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সুইডেনকে। কাতার বিশ্বকাপে খেলতে পারেনি সুইডেন। এবার তারা শেষ সুযোগ কাজে লাগাতে চায়।

‘বি’ গ্রুপে থাকা পোল্যান্ডের প্রতিপক্ষ আলবেনিয়া।

‘সি’ গ্রুপের তুরস্ক খেলবে রোমানিয়ার বিপক্ষে। একই গ্রুপের স্লোভাকিয়া প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কসোভোকে।

‘ডি’ গ্রুপে ডেনমার্কের প্রতিপক্ষ উত্তর মেসিডোনিয়া, আর চেকপ্রজাতন্ত্র খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে।

সব গ্রুপের এসব ম্যাচ হবে আগামী বছরের ২৬ মার্চ।

এদিকে, আন্তমহাদেশীয় প্লে-অফের সূচিও ঠিক হয়েছে আজ। এখানে সেমিফাইনাল নিউ ক্যালেডোনিয়া খেলবে জ্যামাইকার সঙ্গে। বলিভিয়ার প্রতিপক্ষ সুরিনাম।

প্রথম ম্যাচের জয়ীরা ফাইনাল খেলবে কঙ্গো ডিআর-এর বিপক্ষে। অপর ম্যাচের জয়ীরা খেলবে ইরাকের বিপক্ষে।

দুই ফাইনালের বিজয়ী দুই দল খেলবে বিশ্বকাপে।