আয়ারল্যান্ড ইনিংসের ৫৬তম ওভার চলছে তখন। আজ শুক্রবার, সকাল ১০টা ৩৮। হঠাৎ দুলে ওঠলো চারপাশ।
মাঠের মধ্যে ক্রিকেটাররা থমকে গেলেন। বন্ধ হয়ে গেল খেলা। ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন ক্রিকেটার, কোচরা। সাংবাদিকরা হুড়মুড়িয়ে প্রেসবক্স থেকে বেরিয়ে যাবার চেষ্টা করেন। একই দৃশ্য ধারাভাষ্যকার কক্ষেও। এমনকি গ্যালারিতে দর্শকদের মধ্যেও চাপা আতঙ্ক।
এই দৃশ্য আজ সকালের ভূমিকম্পের সময়কার। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামও। ওই সময় তিন মিনিট বন্ধ থাকে খেলা।
কেমন ছিল সেই আতঙ্কের সময়টা?
দিনশেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্পিনার বললেন, ‘প্রথমে বুঝিনি (ভূমিকম্প হচ্ছে)। কিন্তু একটা সময় মিডিয়া বক্স এবং যে যে জায়গাগুলোতে কাচ ছিল, ওখান থেকে শব্দ আসছিল। তারপর শারীরিকভাবেও অনুভব করেছি। ওই সময়ে একটু আতঙ্ক কাজ করেছে।’
আয়ারল্যান্ড দলের প্রধান কোচ হাইনরিখ মালান বলেন, ‘এটা কখনোই ভালো অনুভূতি নয়। বোঝার চেষ্টা করেছিলাম ওই সময়ে কী হচ্ছিল। একই সঙ্গে ভূমিকম্পের বড় প্রভাবের কথাও ভাবনায় এসেছে। আশা করি খুব বাজে কিছু হয়নি।’

