এক চোটে মাঠের বাইরে চলে যান ইংলিশ ফরোয়ার্ড কোল পালমার। এরপর ফেরার খুব কাছেই ছিলেন তিনি। কিন্তু এবার আরেক চোটে দীর্ঘায়িত হয়ে গেল তার মাঠে ফেরার ক্ষণ।
ফলে চেলসির হয়ে পরের তিনটি ম্যাচে খেলতে পারছেন না এই ফরোয়ার্ড।
চেলসিতে খেলা ২৩ বছর বয়সী পালমার কুঁচকির চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে। সর্বশেষ তিনি গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিলেন চেলসির হয়ে। সে ম্যাচে ২-১ গোলে গিয়ে গিয়েছিল চেলসি।
এরপর সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে চেলসির ১১ ম্যাচে ছিলেন না পালমার। এসব ম্যাচের ৮টিতেই জিতেছে প্রিমিয়ার লিগের দলটি, হেরেছে ২টিতে, অপরটি ড্র।
কুঁচকির চোট কাটিয়ে ফেরার কাছে ছিলেন পালমার। কিন্তু নতুন চোট পেয়েছেন গত বুধবার রাতে। দরজায় ধাক্কা খেয়ে তার বাঁ পায়ের আঙুলে চিড় ধরেছে।
চেলসি কোচ এন্টসো মারেস্কা বলেন, ‘দুর্ভাগ্যবশত বাড়িতে তার একটি দুর্ঘটনা ঘটেছে, তার পায়ের আঙুলে আঘাত লেগেছে। এটা গুরুতর কিছু নয়, তবে সে আগামী সপ্তাহে আর ফিরবে না।’
এই চোটকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন কোচ, ‘আমি রাতে অনেকবার ঘুম থেকে উঠি- আমার মাথায়, পায়ে, সবকিছুতে আঘাত পাই, তাই এমনটা হতেই পারে।’
চেলসির পরের তিন ম্যাচ প্রিমিয়ার লিগে শনিবার বার্নলির বিপক্ষে, চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে এবং আগামী সপ্তাহান্তে লিগে আর্সেনালের বিপক্ষে।

