পার্থ টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্কঅজিদের উল্লাস। ছবি: এএপি/ফটোস্পোর্ট

কী এক অভূতপূর্ব টেস্ট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। মাত্র দুই দিনের শেষ হয়ে গেছে দুটি শক্তিশালী দলের টেস্ট ম্যাচ! বোলাররা এতোটাই দাপট দেখিয়েছেন এই ম্যাচে।

এরমধ্যে ব্যাট হাতে দুর্দণ্ড প্রতাপ দেখিয়েছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে অ্যাশেজে এগিয়ে গেছে অজিরা।

দুই দিনে শেষ হওয়া পার্থ টেস্টে হয়েছে একগাদা রেকর্ড। চোখ বুলানো যাক…..

মাত্র দুই দিনে শেষ হয়েছে পার্থ টেস্ট। যা গত ১০০ বছরের মধ্যে অ্যাশেজে প্রথমবার ঘটলো। সর্বশেষ ১৯২১ সালে ট্রেন্টব্রিজ টেস্ট শেষ হয়েছিল দুই দিনে। সবমিলিয়ে প্রথম দুই দিনেই অ্যাশেজ টেস্ট শেষ হয়েছে ৬ বার।

পার্থ টেস্টে বোলাররা বল করেছেন ৮৪৭টি। যা অ্যাশেজে বলের হিসাবে তৃতীয় সর্বনিম্ন এবং অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম। অ্যাশেজে এর আগে সবচেয়ে কম বল খেলা হয়েছিল ১৮৮৮ সালে। ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড টেস্টে খেলা হয়েছিল কেবল ৭৮৮ বল এবং লর্ডস টেস্টে ৭৯২ বল।

দুই ইনিংস মিলিয়ে ইংল্যান্ড ৪০৫ বল খেলেছে। প্রথম ইনিংসে ৩২.৫ ওভার, দ্বিতীয় ইনিংসে ৩৪.৪ ওভার। বলের হিসাবে এটি ইংলিশদের জন্য তৃতীয় সর্বনিম্ন বল মোকাবেলার টেস্ট। এর আগে ১৯০৪ সালে মেলবোর্নে তারা খেলেছিল ৩২৫ বল এবং ১৮৮৮ সালে লর্ডসে ৩৮৮ বল।

পার্থ টেস্টে প্রথম তিন ইনিংসে কোনো দলই দুইশ রানের ঘরে পৌঁছাতে পারেনি। টেস্টে প্রথম তিন ইনিংসে দুইশর কম রান হওয়ার পর চতুর্থ ইনিংসে দুইশর বেশি রানের লক্ষ্য তাড়া করে জয়ের চতুর্থ ঘটনা ঘটলো।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং ব্যাটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। পার্থে ৬৯ বলে সেঞ্চুরি করেন তিনি। তবে এই রেকর্ডে হেড একা নন, আছেন আরেক অজি তারকা ডেভিড ওয়ার্নার। তিনি ২০১২ সালে ওয়াকায় ভারতের বিপক্ষে সমান সংখ্যক বল খেলে সেঞ্চুরি করেছিলেন।

পার্থের দুই ভেন্যু ওয়াকা স্টেডিয়াম ও পার্থ স্টেডিয়াম মিলে ইংল্যান্ড টানা নবমবার হারলো। ১৯৯০/৯১ ও ২০১৭/১৮ মৌসুমের মধ্যে ওয়াকায় টানা আট হার সঙ্গী হয়েছিল তাদের। এবার আরেক হার পার্থ স্টেডিয়ামে।

মিচেল স্টার্ক এই টেস্টের প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন। ১১৩ রান খরচায় ১০ উইকেট তার। ২০০৫ সালে কেনিংটন ওভালে শেন ওয়ার্নের পর প্রথম অস্ট্রেলিয়ান বোলার হিসেবে ১০ উইকেট পেয়েছেন তিনি।

একুশ শতকে হওয়া কোনো অ্যাশেজ টেস্টের চতুর্থ ইনিংসে ওপেনার হিসেবে সর্বোচ্চ রানের (১২৩) রেকর্ড এখন হেডের। এই শতাব্দিতে অ্যাশেজে চতুর্থ ইনিংসে অন্য দুটি সর্বোচ্চ রান ২০০৬ সালে অ্যালিস্টার কুকের ১১৬ এবং ২০১৩ সালে ক্রিস রজার্সের ১১৬।