Sahibzada Farhan

পাকিস্তান সফরে শ্রীলঙ্কা আছে বাজে সময়ের ঘুরপাকে। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয় তারা। এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজেও ‘ক্লিক’ করতে পারছে না দ্বীপদেশটি।

আজ শাহিবজাদার ব্যাটের ঝড়ে পাকিস্তান সহজেই হারিয়েছে শ্রীলঙ্কাকে। ৮০ রানে অপরাজিত থাকা শাহিবজাদা ২৭ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে দেন।

সিরিজে জিম্বাবুয়ের কাছেও হেরেছে লঙ্কানরা। পাকিস্তান প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারানোর পর আজকের ম্যাচেও জয় পেল।

শ্রীলঙ্কাকে ১২৮ রানে আটকানোর মূল কৃতিত্ব মোহাম্মদ নওয়াজের। ব্যাটিংয়ে নামা লঙ্কান ব্যাটাররা ধারাবাহিকভাবে উইকেট দিয়ে এসেছেন।

৩৮ বলে ৪টি চার ও ১টি ছয়ে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত ছিলেন জানিথ লিয়ানাগে। কুশল পেরেরা করেন ২৫ রান, কামিল মিশারা ২২ রান।

৭ উইকেট হারিয়ে ১২৮ রানে থামে লঙ্কানরা। ৪ ওভারে মাত্র ১৬ রান খরচায় তিন উইকেট নেন মোহাম্মদ নওয়াজ।

লক্ষ্য তাড়ায় ৫ ওভারে ৪৭ রান তুলেন সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহান। ২০ রান করে ফিরেন সাইম।

এবার বাবর আজমকে নিয়ে জুটি গড়েন শাহিবজাদা। ৬৯ রানের জুটি ভাঙে বাবরের (১৬) বিদায়ে। দুষ্মন্ত চামিরা বাবরকে ফেরানোর পরের বলেই ফিরিয়ে দেন সালমান আগাকে (০)।

এরপর আর বিপদ হয়নি স্বাগতিকদের। ৪৫ বলে ৬টি চার ও ৫টি ছয়ে ৮০ রানে অপরাজিত থাকেন শাহিবজাদা।

১৫.৩ ওভারে ৩ উইকেটে ১৩১ রান তুলে ম্যাচ নিজেদের করে নেয় পাকিস্তান।