বাংলাদেশ দলের উল্লাস উইকেট পেয়ে।

বাংলাদেশ এখন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে। দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষদিন আজ রোববার। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যেটি শুরু হবে ২৭ নভেম্বর থেকে চট্টগ্রামে।

এই সিরিজে তাসকিন আহমেদকে পাচ্ছে না বাংলাদেশ। তিনি বর্তমানে আবুধাবি টি-টেন লিগ খেলছেন।

এছাড়া আইএল টি-টোয়েন্টিতেও তাসকিনকে দলে নিয়েছে একটি ফ্র্যাঞ্চাইজি। এই টুর্নামেন্ট শুরু হবে ২ ডিসেম্বর থেকে। ফলে আইরিশদের বিপক্ষে তাকে স্কোয়াডে রাখা হচ্ছে না।

বিসিবি সূত্র বলছে, তাসকিনের বদলে স্কোয়াডে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হতে পারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ছিলেন না ২৯ বছর বয়সী সাইফউদ্দিন। পরে তিনি চোটে ভুগছিলেন। বর্তমানে ফিট হয়ে ওঠায় তাকে আইরিশদের বিপক্ষে ফেরানো হতে পারে।

টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখতে পারে বাংলাদেশ। ডাক পেতে পারেন পেসার হাসান মাহমুদ। এছাড়া শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহানকেও স্কোয়াডে রাখা হতে পারে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ২৭ নভেম্বর। এর পরের দুটি হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। সবকটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।